ডব্লিউএসআইএস প্রতিযোগিতায় বাংলাদেশের পাঁচ প্রকল্প

বাংলাদেশ থেকে এ বছর পাঁচটি প্রকল্প-উদ্যোগ ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) প্রকল্প পুরস্কারের জন্য প্রাথমিক পর্যায়ে মনোনীত হয়েছে।
এই উদ্যোগ পাঁচটি জমা দিয়েছে যথাক্রমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই), বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্ট(বিআইআইডি), শিক্ষা মন্ত্রণালয় ও গ্রামীণ কমিউনিকেশনস।
মোট ১৮ টি বিভাগের মধ্যে ছয় থেকে ১১ নম্বর বিভাগে প্রাথমিক মনোনয়ন পেয়েছে ‘সার্ভিস অ্যাট সিটিজেনস ডোরস্টেপস’, ‘অনলাইন মাইক্রো স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ (এমএসএমই) সাপোর্ট সার্ভিস’, ‘আইসিটি ফর এডুকেশন ইন সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেল প্রজেক্ট’, ‘ভারচুয়াল ব্লাড ডাটা ব্যাংক’, ‘ই-কৃষক’, ‘ইনকাম জেনারেশন প্রজেক্ট ফর ফারমার্স ইউজিং আইসিটি’।
প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া প্রকল্পগুলোকে চূড়ান্ত পর্বে জিততে হলে ব্যাপক ভোট প্রয়োজন। যাঁদের ইমেইল আছে তারাই এই উদ্যোগে ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার শেষ তারিখ ১৭ এপ্রিল।
ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) প্রকল্প পুরস্কার তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে উদ্যোগ ও বাস্তবায়নের বড় ধরনের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনে পরিবর্তন আনার জন্য ওয়ার্ল্ড সামিট ফর ইনফরমেশন সোসাইটি কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি বিশ্বব্যাপী সৃজনশীল উদ্ভাবনগুলো ছড়িয়ে দেওয়ার কাজ কাজ করছে প্রতিষ্ঠানটি। ডব্লিউএসআইএসির এই প্রতিযোগিতায় সরকারি, বেসরকারি, সাধারণ নাগরিক, আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকল্প জমা দেওয়ার সুযোগ থাকে। ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটির অংশীদাররা এতে অংশ নেওয়ার সুযোগ পান।
ভোট দিতে প্রথমে (http://groups.itu.int/stocktaking/WSISProjectPrizes2014.aspx) লিংকে গিয়ে ভোট ফর প্রজেক্ট বাটনটিকে ক্লিক করতে হবে। প্রাথমিক নিবন্ধন শেষে ১৮ টি বিভাগেই ভোট দিতে হবে।
ডব্লিউএসআইএস প্রতিযোগিতায় নমিনেশন পাওয়া উদ্যোগগুলো সম্পর্কে ওয়েবসাইটে বলা হয়েছে, ‘সার্ভিস অ্যাট সিটিজেনস ডোরস্টেপস’ প্রকল্প জমা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়, অনলাইন মাইক্রো স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ (এমএসএমই) সাপোর্ট সার্ভিস ও ই-কৃষক প্রকল্প জমা দিয়েছে বিআইআইডি, ‘আইসিটি ফর এডুকেশন ইন সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেল প্রজেক্ট’ জমা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, ‘ভারচুয়াল ব্লাড ডাটা ব্যাংক’ ও ‘ইনকাম জেনারেশন প্রজেক্ট ফর ফারমার্স ইউজিং আইসিটি’ প্রকল্প জমা দিয়েছে গ্রামীণ কমিউনিকেশন।