ডলির গানের ডালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডলি প্রু মারমা
ডলি প্রু মারমা

এ গল্প একজন পুতুলকে ঘিরে। খুব ছোটবেলায় ডলি প্রু নাকি দেখতে অবিকল পুতুলের মতো ছিলেন। তাই বাবা আদর করে ডাকতেন ‘ডল’ বলে। সেই ডল থেকেই কালক্রমে হয়ে গেছেন ‘ডলি’।
এই গল্প বলতে বলতে উজ্জ্বল হয়ে ওঠে ডলি প্রু মারমার মুখ। আমরা কিন্তু তখনো বুঝিনি শৈশব থেকেই ডলি আরও নানা কারণে নিজের মুখ উজ্জ্বল করেছেন বারবার।
কী সেই সব কারণ? ডলি আস্তে আস্তে খুলতে থাকেন গল্পের আগল। আর আমরা বিস্মিত হয়ে দেখতে থাকি সাফল্যের পথ ধরে এক মারমা শিশুর শৈশব-কৈশোর পেরিয়ে শিল্পী হয়ে ওঠার গল্প।
‘ছোটবেলায় যত বই আমি পড়েছি, তার চেয়ে বিভিন্ন প্রতিযোগিতায় পাওয়া পুরস্কারের সংখ্যাই বোধহয় বেশি!’ হাসতে হাসতে এভাবেই কথা শুরু করেন তিনি। আমরা ক্রমশ জানতে পারি পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় জন্ম নেওয়া মারমা সম্প্রদায়ের এই তরুণী ডলির মা সুইনাংচিং মারমা দীর্ঘদিন পৌরসভার কাউন্সিলর ছিলেন, আর বাবা অংক্যহলা মারমা একজন ব্যাংক কর্মকর্তা। ছোটবেলায় ডলির গানের হাতেখড়ি ওস্তাদ প্রভাকর বড়ুয়ার কাছে। মা-বাবার অনুপ্রেরণায় স্কুলপর্যায়ে শিশু একাডেমী, শিল্পকলা একাডেমী, জাতীয় শিশু সপ্তাহসহ বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় অংশ নেন তিনি। আর ডলির অংশ নেওয়া মানেই ছিল পুরস্কার।
এরপর খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করে চলে আসেন ঢাকায়। ভর্তি হন লালমাটিয়া মহিলা কলেজে। এ কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। কিন্তু সেখানে মন টেকেনি তাঁর। বছর পেরোনোর আগেই গানের টানে আবার ফিরে আসেন ঢাকায়। ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড রিহ্যাবিলিটেশনে (নিটোর)। ‘নিটোর থেকে ইতিমধ্যেই আমি সম্পন্ন করেছি চার বছর মেয়াদি বিপিটি (ব্যাচেলর অব ফিজিও থেরাপি) কোর্স। এখন ফলাফলের অপেক্ষা’ বলছিলেন ডলি প্রু মারমা।
ডলি নিজে মারমা সম্প্রদায়ের হলেও খুব ভালো গাইতে পারেন চাকমা ও বাংলা ভাষার গান। আর রবীন্দ্রনাথের গানের সঙ্গে যে আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে গেছেন তা বোঝা গেল তাঁর কথা থেকে— ‘ছায়ানটে রবীন্দ্রসংগীত শিখছি ছয় বছর ধরে। এখন আছি সমাপনী বর্ষে।’ এর পাশাপাশি ডলি উচ্চাঙ্গ সংগীতে তালিম নিচ্ছেন ওস্তাদ রিজওয়ান আলীর কাছে।
ডলি বাংলাদেশ বেতার (ঢাকা) ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী। বিটিভি ছাড়াও গান করেছেন এনটিভি ও আর টিভির বিভিন্ন অনুষ্ঠানে।
ভবিষ্যতে ফিজিওথেরাপি নিয়ে উচ্চতর ডিগ্রি নেওয়ার ভীষণ ইচ্ছে তাঁর। পেশার বাইরে গানকে নিতে চান জীবনের ব্রত হিসেবে। পার্বত্য চট্টগ্রামের আদিবাসী শিশুদের জন্য একটি গানের স্কুল প্রতিষ্ঠা করতে চান ডলি। ডলির স্বপ্ন বাংলাদেশের শীর্ষ পর্যায়ের একজন শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা।