বিলুপ্ত ডাইনোসরের দেহাবশেষ, চোয়াল বা দাঁত উদ্ধারের খবর প্রায়ই মেলে। তবে এবার টিউমারের চিহ্নসহ প্রাগৈতিহাসিক এই প্রাণীর জীবাশ্ম বা ফসিলের সন্ধান মিলেছে।
বিজ্ঞানীরা এক বিশালাকার লম্বা-গলা ডাইনোসরের লেজের একই হাড়ে দুই রকমের টিউমার চিহ্নিত করেছেন। গবেষক দলটির প্রধান ব্রাজিলের রিও ডি জেনিরো ফেডারেল ইউনিভার্সিটির ভূতত্ত্ব বিভাগের ফার্নান্দো বারবোসা বলেন, ফসিলের মধ্যে রোগের চিহ্ন, বিশেষ করে ক্যানসার বা টিউমার পাওয়াটা বিরল ঘটনা। কারণ, এ রোগের চিহ্ন সাধারণত হাড়ের মধ্যে থাকে না।
টিউমারযুক্ত ওই কশেরুকার ফসিলটি লম্বায় ৭ ইঞ্চি। ২০১২ সালে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় সাও পাওলো রাজ্যে খোঁজ মেলে এটির। এ বিষয়ে
একটি গবেষণা প্রতিবেদন ক্রেটাসিয়াস রিসার্চ সাময়িকীতে আগামী জুলাইয়ে প্রকাশিত হবে।
গবেষকেরা বলেন, ডাইনোসরের হাড়টি ৯ কোটি বছরের পুরোনো। এতে ছোট বোতামের আকৃতির স্ফীতি ছিল। এই অস্বাভাবিক ব্যাপার দেখে কৌতূহলী হন বারবোসা ও তাঁর সহকর্মীরা। তাঁরা দেখতে পান, টাইটানোসোরাইড গোত্রের ডাইনোসরটির হাড়ে দুটি টিউমারের চিহ্ন রয়েছে। কম্পিউটার টেমোগ্রাফি (সিটি) স্ক্যান পরীক্ষার মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত হয়েছেন তাঁরা।
বারবোসা বলেন, টিউমারগুলো অস্বাভাবিক কোষ বৃদ্ধির উদাহরণ হলেও সেগুলোকে ক্যানসার বলা উচিত হবে না। সাধারণত, শুধু ক্ষতিকর টিউমারগুলোকেই ক্যানসার বলা হয়। ডাইনোসরের লেজের ওই টিউমার দুটি সম্ভবত ক্ষতিকর ছিল না। তা ছাড়া সেগুলো অবস্থান এবং ছোট্ট আকৃতি থেকে মনে হচ্ছে, প্রাণীটি সেগুলোর উপস্থিতি সম্পর্কে জানতেই পারেনি। তবে ডাইনোসর এবং অন্যান্য বিলুপ্ত প্রাণীর অসুখ-বিসুখ সম্পর্কে জানতে হবে। আর বুঝতে হবে, প্রাণীগুলোর বিলুপ্তিতে এসব রোগ কতটা প্রভাব ফেলেছিল।