ডাকটিকিটের নজরুল ও সেই ভুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী নজরুল ইসলামকে সর্বপ্রথম ডাকটিকিটে দেখা যায় ১৯৬৮ সালে। তৎকালীন পাকিস্তান ডাক বিভাগ কবির জন্মদিনে ভিন্ন ভিন্ন রং ও মূল্যমানের দুটি ডাকটিকিট প্রকাশ করে। ছাপা হওয়ার পর ডাকটিকিটে ধরা পড়ল মস্ত বড় ভুল। কবির জন্মবর্ষ ১০ বছর পিছিয়ে ১৮৮৯ লেখা হয়েছে। ভুল সংশোধন করে এক মাস পর ডাকটিকিট অবমুক্ত করা হলো। ভুল তবু রয়েই গেল, এবার কবিতায়:

‘গাহি সাম্যের গান

মানুষের চেয়ে নাহি কিছু বড়,

নাহি কিছু মহীয়ান।’

‘মানুষ’ কবিতাংশের দ্বিতীয় চরণটি হবে ‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।’

স্বাধীন বাংলাদেশের ডাক প্রকাশনায় প্রথম কবিব্যক্তিত্ব হিসেবে উঠে আসেন কাজী নজরুল ইসলাম। ১৯৭৭ সালে কবির প্রথম মৃত্যুবার্ষিকীতে ডাক বিভাগ দুটি স্মারক ডাকটিকিট প্রকাশ করে। ৪০ পয়সা মূল্যমানের ডাকটিকিটে কবির প্রতিকৃতিসহ তাঁর রচিত বাংলাদেশের রণসংগীতের চারটি চরণ উচ্চারিত হয়েছে:

‘ঊষার দুয়ারে হানি আঘাত

আমরা আনিব রাঙা প্রভাত,

আমরা টুটাব তিমির রাত,

বাধার বিন্ধ্যাচল।’

কবির শততম জন্মবর্ষে ডাক বিভাগ ছয় টাকা সমমূল্যের আরও একটি ডাকটিকিট প্রকাশ করে। বহুবর্ণের এ ডাকটিকিটে পুনরাবৃত্তি হয়েছে ‘মানুষ’ কবিতার অংশবিশেষ।

ভারতীয় ডাক বিভাগও কবির শততম জন্মবর্ষ স্মরণীয় করে রেখেছে তিন রুপি মূল্যমানের একটি ডাকটিকিটের মধ্য দিয়ে।

২০০৪ সালের ৩ জুন ইরান-বাংলাদেশ যৌথ প্রকাশনায় বিষয় হয়েছে দুই দেশের কবিব্যক্তিত্ব। প্রতিটি ১০ টাকা মূল্যের দুটি ডাকটিকিটে স্থান পেয়েছেন ইরানের কবি হাফিজ সিরাজী এবং বাংলাদেশের কবি কাজী নজরুল ইসলাম।