ডাকব্যবস্থার পুনর্গঠনে এম-কমার্সের ব্যবহার বাড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনের প্রযুক্তিভিত্তিক বাণিজ্য এম-কমার্স ডাকব্যবস্থার পুনর্গঠন বিস্তারের ক্ষেত্রে নতুন এক সম্ভাবনা বয়ে আনতে পারে। গবেষণাপ্রতিষ্ঠান লার্নএশিয়ার এক প্রতিবেদনে এ মন্তব্য করা হয়। ইলেকট্রনিক মাধ্যমে বাণিজ্যের (ই-কমার্স) ব্যাপক প্রসারে মুঠোফোনের মাধ্যমে অর্থ আদান-প্রদানের ব্যবস্থা এবং তা সাশ্রয়ী ও বিশ্বস্ততার সঙ্গে সরবরাহের ব্যবস্থা করতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। শ্রীলঙ্কার কলম্বোভিত্তিক আঞ্চলিক টেলিযোগাযোগ নীতিমালাবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান লার্নএশিয়া বাংলাদেশে সেলবাজারের মতো সফল মুঠোফোনভিত্তিক ইলেকট্রনিক বাজার এবং উন্নত বিশ্বের আমাজান ও ই-বের মতো সেবা কীভাবে সফলভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে সম্প্রতি এক গবেষণা চালিয়েছে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করে লার্নএশিয়া।মুঠোফোন-ব্যয় ধীরে ধীরে কমে আসায় এম-কমার্সের মাধ্যমে ই-কমার্সের অধিকাংশ সেবা দেওয়া সম্ভব বলে মত দিয়েছে লার্নএশিয়া। গবেষক দলের প্রধান আয়েশা জাইনুদ্দিন জানান, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্রের ডাকব্যবস্থা একটি সুন্দর উদাহরণ হতে পারে। যুক্তরাষ্ট্রের ডাকব্যবস্থা তাদের ওয়েবসাইটের মাধ্যমে বারকোড ট্র্যাকিং, ফ্ল্যাট-রেট বক্সেস, প্রিন্টেবল পোস্টেজ লেবেল এবং ডাকের মাধ্যমে পণ্য আদান-প্রদানকারীদের জন্য, বিশেষ করে হাজার হাজার ই-বে ক্রেতা-বিক্রেতাদের নানা ধরনের নিত্যনতুন সেবা দিচ্ছে। তবে এম-কমার্স চালুর জন্য অবশ্যই নিরাপদ অর্থ সরবরাহ এবং অর্থ আদান-প্রদানকারীদের মধ্যে বিশ্বাস স্থাপনের বিষয়গুলো নিশ্চিত করা প্রয়োজন।বাংলাদেশ ডাক বিভাগে কিছু সেবা; যেমন, ট্র্যাকিং অপশন, ভ্যালু পেয়েবল (ক্যাশ অন ডেলিভারি) সেবাসহ ওয়েস্টার্ন ইউনিয়নের সঙ্গে অংশীদারির ভিত্তিতে রেমিট্যান্স-সেবা চালু করা হয়েছে। এসব সেবার পরিধি বাড়িয়ে এবং সঠিকভাবে জনগণের কাছে পৌঁছানোর মাধ্যমে এর ব্যাপক প্রসার সম্ভব বলে মত দেওয়া হয় ওই গবেষণা প্রতিবেদনে। গবেষণার বিস্তারিত তথ্য জানা যাবে www.lirneasia.net ঠিকানার ওয়েবসাইটে।