ডাকযোগে পাওয়া

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ী
ভাইয়া, শুনেছি আপনি সবই জানেন! তবে আপনি সব জানলেও আমার প্রশ্নের উত্তর কখনোই দেননি। ছদ্মনামেও অনেক চিঠি পাঠিয়েছি কিন্তু একটিও ছাপা হয়নি। আপনি কেন আমার প্রশ্নের উত্তর দেননি, সেটাই জানতে চাইছি। আর এবার যদি আমার লেখা না ছাপেন, তাহলে আমার যদি কিছু হয়ে যায়, তার সম্পূর্ণ দায়ভার আপনাকেই নিতে হবে। মনে থাকে যেন।
ফাইজা ফেরদৌস
যাত্রাবাড়ী, ঢাকা
l দেখো, এত অল্প ইনফোতে কারও দায়ভার নেওয়া সম্ভব না। তুমি আরও বিস্তারিত তথ্য পাঠাও। এরপর দেখি দায়ভার নেওয়া যায় কি না। কারও দায়ভার নিয়ে আমার আপত্তি থাকার কথা না। আমি ওই রকম
মানুষই না।
বিস ভাইয়া, আমি রস+চিঠিতে ৩০০ টাকা বিজয়ী হই। ভেবেছিলাম, দ্রুত প্রাইজবন্ডটা পাব। কিন্তু না, সবাই বলল প্রাইজবন্ড আসার সম্ভাবনা জিরো পার্সেন্ট। আশা সে তো মরীচিকা, এই ভেবে আমি আশাই ছেড়ে দিয়েছিলাম। হঠাৎ আমার ডিপার্টমেন্ট থেকে দুপুরবেলা ফোন এল। ফোনে বলল, প্রথম আলো থেকে চিঠি এসেছে। পেয়ে গেলাম সেই কাঙ্খিত প্রাইজবন্ড। কী দরকার ছিল পাঠানোর!
মো. সাইফুল ইসলাম
সিএসই, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

l দরকার যে ছিল না সেটা আগে বললেই পারতেন। আর আপনার এই গল্পের মোরাল কী? জীবনে কখনো আশা ছাড়বেন না। যত দিন আশা আছে তত দিন আমরাও আছি। বিকল্প একটা উপায়ও আছে, আশা নামের কাউকে খুঁজে নেওয়া। তাহলে কখনোই আর আশা ছেড়ে দেওয়ার চান্স থাকবে না।