ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ী
বিস, কেমন আছো গো তুমি? শুনলাম তোমাকে নাকি পুলিশে নিয়েছে? তা, হয়েছে কী? ঘুষ না দুর্নীতি? তবে তুমি কিচ্ছু চিন্তা কোরো না। আমরা তো আছি। তোমাকে যে থানায় নিয়ে গেছে ওই থানা ছাড়া দেশের বাকি থানার সামনে গিয়ে তোমার নামে স্লোগান দেব।
দুঃখিত, নাম-ঠিকানা দেব না। পরে পুলিশে ধরবে!
l পুলিশি হেফাজতে বেশ আরামেই আছি, স্লোগান দিতে হবে না। কাজকর্ম ছাড়া এভাবে পৃথিবীর আর কোথাও খাওয়া পাওয়া যায় না। এমনকি বাপের হোটেলেও না।
বিস ভাইয়া, আমি আপনার চেয়ে বিশ পঁচিশ বছরের ছোট। আমি রস+আলোর নিয়মিত পাঠক। আবার কখনো কখনো লেখাও পাঠাই। কিন্তু এত দিন পর্যন্ত আমার কোনো লেখাই ছাপানো হয়নি। আমি এতই খারাপ লেখি? আর যদি খারাপও লেখি, তবে বললেই পারেন। আমার আশার আলো মোমবাতির মতো প্রায় শেষ।
সাবিত আল-সাবা
মাদরাসাপাড়া, জয়পুরহাট
l কী বলো, তুমি আমার চেয়ে বিশ-পঁচিশ বছরের ছোট!!! তাহলে তো তোমার এখনো জন্মই হওয়ার কথা না! তাহলে তুমি চিঠি লিখলে কীভাবে? আমি এখনো বিশ্বাস করতে পারছি না, তুমি পৃথিবীতে না এসে কীভাবে রস+আলোতে লেখা পাঠালে। তার মানে কি রস+আলো ওইখানেও...!
রস+আলোয় মাঝেমধ্যে লেখা ছাপা হওয়ার সুবাদে এলাকার তরুণসমাজের কাছে আমার ব্যাপক পরিচিতি। ব্যাপারটা আমি মোটেও ছোট করে দেখছি না। আমার এহেন জনপ্রিয়তার মূলে যে আপনি রয়েছেন সে কথা আমি কীভাবে অস্বীকার করি বলুন? আমি তো এতটা অকৃতজ্ঞ নই। তাই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
শায়লা ইয়াসমিন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
l এটা অস্বীকার করা খুব সহজ। তুমি যেসব শব্দের আগে ‘অ’ বসিয়েছ, সেই ‘অ’গুলো তুলে ফেল। আর যেগুলোর প্রথমে ‘অ’ বসাওনি সেগুলোতে ‘অ’ বসিয়ে দাও। ব্যস হয়ে গেল, অল্প পরিশ্রমে সব অস্বীকার করা।