নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে অনুষ্ঠিত ‘বিজনেস ম্যাচ-মেকিং’ অধিবেশনে ২১ ও ২২ জুন অংশ নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সদস্য ১০টি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো ৩০টি ডাচ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে। নেদারল্যান্ড সরকারের সহযোগিতায় জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান আইটিসির মাধ্যমে বাস্তবায়নাধীন এনটিএফ-২ প্রকল্পের আওতায় বৈঠকের আয়োজন করা হয়। বাংলাদেশে ঢাকা চেম্বার অব কমার্স (ডিসিসিআই) ও বেসিস যৌথভাবে এ প্রকল্পের অংশীদার। এ অধিবেশনে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো ও ডাচ প্রতিষ্ঠানের মধ্যে মোট ৭২টি আলাদা আলাদা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যোগদানকারী অধিকাংশ কোম্পানি সন্তোষ প্রকাশ করে। প্রতিষ্ঠানগুলো আশা প্রকাশ করে, এ বৈঠকের মাধ্যমে ডাচ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্ভাবনা উন্মুক্ত হবে।এতে অংশ নেওয়া বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো হলো: ব্রেনস্টেশন ২৩, এসএসডি টেক, ডেভনেট লিমিটেড, রেলিসোর্স টেকনোলজিস, গ্রামীণ সলিউশনস লিমিটেড, এসডব্লিউ মাল্টিমিডিয়া লিমিটেড, হাওয়ার আইটি লিমিটেড, ইবাক্স লিমিটেড, জানালা বাংলাদেশ লিমিটেড ও পিক্সিসনেট লিমিটেড।২১ জুন বাংলাদেশে আউটসোর্সিং বিষয়ে আমস্টারডামে একটি সেমিনারও অনুষ্ঠিত হয়। সেমিনারে নেদারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আলী সরকার, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, এনটিএফ-২ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মার্টিন ল্যাবে, সিবিআই নেদারল্যান্ডের পরামর্শক ল্যাজলো ক্লুকস, জিপিআই কনসালট্যান্সির পল তিয়া প্রমুখ বক্তব্য রাখেন। —প্রতিবেদক