ডান হাতে আইফোন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইফোনে কল করার সময় ডান হাতের বদলে বাঁ হাতে ধরলে কলের মান নষ্ট হতে পারে। কারণ, এতে অ্যানটেনার সিগন্যাল ঠিকমতো কাজ করে না। এক জরিপের প্রতিবেদনে এমনটাই জানা গেছে। ডেনমার্ক, সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডের টেলিযোগাযোগ কর্তৃপক্ষের পক্ষে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুসারে কলের মানের (ভয়েস কোয়ালিটি) দিক থেকে সবচেয়ে বাজে স্মার্টফোনের তালিকায় রয়েছে অ্যাপলের স্মার্টফোনগুলো। এমনকি আইফোন ৬এস, ৬এস প্লাসও। ডেনমার্কের আলবর্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গার্ট ফ্রোলন্ড পেডারসন বাজারে প্রচলিত ২৬টি জনপ্রিয় মুঠোফোন নিয়ে এই পরীক্ষাটি চালান এবং অ্যানটেনার মান বিবেচনায় ক্রমতালিকা তৈরি করেন।

ডান হাতে ফোন ধরলে জনপ্রিয় মুঠোফোনের মডেলগুলো কেমন কাজ করে তার তালিকাটি এমন:

সবচেয়ে ভালো

১. এইচটিসি ডিজায়ার ৬২৬

২. স্যামসাং গ্যালাক্সি এস ৫ মিনি

৩. স্যামসাং গ্যালাক্সি জেওয়ান

৪. মাইক্রোসফট লুমিয়া ৬৪০

৫. ডোরো ফোনইজি ৫৩০ এক্স

সবচেয়ে খারাপ

১. হাওয়াই পি৯

২. মাইক্রোসফট লুমিয়া ৯৫০

৩. এইচটিসি ১০

৪. অ্যাপল আইফোন ৫এসই

৫. অ্যাপল আইফোন ৬এস

তালিকায় আইফোন ৬এস এবং ৬এস প্লাস দুটোরই অবস্থান সবার নিচে। সব মডেলের আইফোন কিছুটা ভালো সেবা দেয় যখন সেগুলো ডান হাতে ব্যবহার করা হয়।

বাঁ হাতে ফোন ধরলে জনপ্রিয় মুঠোফোনের মডেলগুলো কেমন কাজ করে তার তালিকাটি এমন:

সবচেয়ে ভালো

১. ডোরো ফোন ইজি ৫৩০এক্স

২. মাইক্রোসফট লুমিয়া ৬৪০

৩. মাইক্রোসফট লুমিয়া ৬৫০

৪. সনি এক্সপেরিয়া জেড৩ কমপ্যাক্ট

৫. শাওমি এমআই৫

সবচেয়ে খারাপ

১. অ্যাপল আইফোন ৬এস প্লাস

২. অ্যাপল আইফোন ৬এস

৩. অ্যাপল আইফোন ৬

৪. অ্যাপল আইফোন এসই

৫. এলজি জি৫

পেডারসন ডেনিস সংবাদমাধ্যম রিটজুকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘অ্যাপলের সমস্যা আছে এবং তারা সেই সমস্যা নিয়েই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ সমস্যাগুলো তাদের নতুন চালু করা ফোনে আরও বেশি দেখা যাচ্ছে, যা অবিশ্বাস্য!’

নতুন ঘোষণা দেওয়া আইফোন ৭ এবং আইফোন ৭ প্লাসে অ্যানটেনার অবস্থানের পরিবর্তন করা হয়েছে। এতে হয়তো আগের মডেলগুলোর তুলনায় কাজ ভালো করবে।

অনামিকা মণ্ডল

সূত্র: দ্য টেলিগ্রাফ