ডায়ালআপ থেকে ওয়াইম্যাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নতি হয়েছে অনেক গুণ। এক যুগ আগে অবস্থাটা ছিল বিপরীত। ধীরগতির ব্যয়বহুল ইন্টারনেট ছিল তখন। আর ব্যবহারকারীর সংখ্যাও ছিল অনেক কম। এক যুগ পর বর্তমানে বেড়েছে ইন্টারনেটের গতি আর এসেছে নতুন সব প্রযুক্তি। এক সময়ের টেলিফোন-নির্ভর ডায়াল আপ ইন্টারনেটের জায়গায় এখন এসেছে তারহীন দ্রুত গতির ইন্টারনেট ব্যবস্থা। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সূত্র মতে, বর্তমানে দেশে প্রায় এক কোটি ব্যবহারকারী প্রায় আট লাখ সংযোগ ভাগাভাগি করে (শেয়ার) ব্যবহার করছে। প্রতিবছর ইন্টারনেট ব্যবহারকারী বৃদ্ধির হার বর্তমানে প্রায় ১৫ থেকে ১৬ শতাংশ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের গত সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী ছয় কোটি ৫১ লাখেরও বেশি এবং পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) ব্যবহারকারীর সংখ্যা ১০ লাখেরও বেশি। সূত্র অনুযায়ী ব্যবহারকারী বৃদ্ধির অন্যতম একটি অংশ মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছে। ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে বর্তমানে দেশে ই-মেইল ব্যবহারকারীর সংখ্যা ১২ লাখ। বর্তমানে তারহীন দ্রুত গতির ওয়াইম্যাক্সের পাশাপাশি বিভিন্ন স্থানে বেড়েছে ওয়াইফাইয়ের ব্যবহার। এখন ব্রডব্যান্ড ইন্টারনেটে দ্রুত গতির জন্য ফাইবার তার ব্যবহূত হচ্ছে। তবে ইন্টারনেট ব্যবহারের খরচ তুলনামূলকভাবে কমলেও এখনো সব পর্যায়ের ব্যবহারকারীদের হাতের নাগালে আসেনি। ব্যান্ডউইথের দাম কমানো হলেও তা পার্শ্ববর্তী দেশের তুলনায় বেশি। তবে ইন্টারনেট ব্যবহারের হার বিভিন্নভাবে বাড়ছে। বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল, ডিভি ভিসা, সরকারি বিভিন্ন সেবা এখন সরকারিভাবেই ইন্টারনেটে দেওয়া হচ্ছে, যার ফলে প্রয়োজনে ইন্টারনেটের দ্বারস্থ হন ব্যবহারকারীরা। ই-কমার্স চালু করায় ইন্টারনেটে লেনদেনে আগ্রহী হচ্ছেন ব্যবহারকারীরা এবং বাড়ছে ইন্টারনেটের ব্যবহার। এখন পর্যন্ত একটি মাত্র সাবমেরিন কেবেলর সঙ্গে সংযুক্ত বাংলাদেশ এবং ইন্টারনেটের গতিও সামগ্রিকভাবে তেমন উন্নত নয়।ওয়াইম্যাক্সের মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট সেবা পাওয়া গেলেও এর খরচ এখনো সব পর্যায়ের ব্যবহারকারীদের নাগালের বাইরে। সামগ্রিকভাবে এক যুগ আগের কথা ভাবলে বলতে হবে ইন্টারনেটের ধারার অনেক উন্নয়ন হয়েছে। ১৯৯৬ সালে যখন প্রথমবারের মতো অনলাইন ইন্টারনেট সেবা চালু হয়, তখন ডায়ালআপ ইন্টারনেট ব্যবহূত হতো, যার গতি ছিল অনেক কম। বর্তমানে এ পদ্ধতি কমে গেছে এবং এখন একজন সাধারণ ব্যবহারকারীও অনেক গতির ইন্টারনেট ব্যবহার করছেন, বললেন আইএসপিএবি মহাসচিব এম এ হাকিম। তিনি ইন্টারনেট ব্যবহারকারী আরও বাড়ার ক্ষেত্রে দেশীয় কন্টেন্টের ওপর জোর দেওয়ার কথা বলেন। সব মিলিয়ে একযুগে ইন্টারনেটের গতিপ্রকৃতি সবকিছুই বেড়েছে। ল্যাপটপ ব্যবহারকারীরা বিভিন্ন স্থানে ওয়াইফাই সুবিধার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছে। গ্রামীণ পর্যায়ে ইন্টারনেট পৌঁছাতে অবকাঠামোগত উন্নয়নটা দ্রুত করা জরুরি। —নুরুন্নবী চৌধুরী