ডিএনএ থেকেই ছবি!

অপরাধ করে পার পাওয়ার দিন শেষ। অপরাধ করার সময় যে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে তা থেকেই অপরাধীর মুখের ছবি তোলা সম্ভব হবে বলে দাবি করেছেন আন্তর্জাতিক গবেষকেদের একটি দল। বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন নিউ সাইন্টিস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গবেষকেরা জানিয়েছেন, বিজ্ঞান এখন অনেকদূর এগিয়েছে। অপরাধস্থল থেকে সংগৃহীত চুল, শুক্রাণুর মতো নমুনার ডিএনএ বিশ্লেষণ করা হয়। তবে এখনও অনেক ক্ষেত্রে অপরাধীর ডেটাবেজ প্রোফাইলের সঙ্গে ডিএনএ না মেলার ফলে অপরাধীর পার পেয়ে যাওয়ার সুযোগ থেকে যায়। তবে এই সুযোগ আর বেশি দিন থাকবে না বলেই গবেষকেরা দাবি করেছেন।
গবেষকেরা বলছেন, সে দিন আর খুব বেশি দূরে নয় যখন ডিএনএ বিশ্লেষণ করেই অপরাধীর মুখের পূর্ণাঙ্গ ছবি তুলতে পারবেন তাঁরা। এখন ডিএনএর সাহায্যে গায়ের রং, চুল বা চোখের রং প্রভৃতি ধরা যায়।
২০১২ সাল থেকে হল্যান্ডের এরাসমাস ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের গবেষকেরা ডিএনএ নিয়ে গবেষণা করছেন। গবেষক ম্যানফ্রেড কেসার মানুষের মুখের গঠনে জিনের ভূমিকা নিয়ে গবেষণা শুরু করেছিলেন। তাঁর গবেষণার ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের গবেষকেরা ডিএনএ থেকে মানুষের মুখের গঠনের ওপর সম্প্রতি এই গবেষণা করেছেন। গবেষকেরা দাবি করেছেন, ডিএনএ থেকেই বোঝা যাবে অপরাধীর চেহারা।