ডিএসএলআরের বিকল্প হুয়াউয়ের পি৮!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার আলোকচিত্রী হতে চান? এখন আর বড় বড় ক্যামেরার পেছনে ছুটতে হবে না। স্মার্টফোনেই পেশাদার আলোকচিত্রীদের মতো ছবি তুলতে পারবেন, ভিডিও ধারণ করতে পারবেন। সম্প্রতি চীনের মোবাইল ফোন নির্মাতা হুয়াউয়ে ‘পি৮’ মডেলের এমনই একটি স্মার্টফোন বাজারে আনার কথা জানিয়েছে যার বিশেষত্ব হচ্ছে ক্যামেরায়। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি লন্ডনে আয়োজিত নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে পি৮ উন্মোচন করেছে হুয়াউয়ে। এটি ফোনটিকে তারা ‘প্রিমিয়াম’ স্মার্টফোন হিসেবে উল্লেখ করেছে। পেশাদার ক্যামেরা সুবিধা হিসেবে দাবি করা এই স্মার্টফোনটিতে লাইট পেইন্টিং এবং কম আলোতে ভালো ছবি তোলার মতো ফিচার আছে। পি৮ স্মার্টফোনটির দুটি মডেল বাজারে আনছে হুয়াউয়ে। মূল মডেলটিতে থাকবে ৫ দশমিক ২ ইঞ্চির স্ক্রিন আর পি৮ ম্যাক্সের স্ক্রিন হবে ৬ দশমিক ৮ ইঞ্চি মাপের। দুটি মডেলেই ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রেখেছে হুয়াউয়ে।
বাজার গবেষকেরা বলছেন, বর্তমানে স্মার্টফোনের বাজার দখল করে রেখেছে স্যামসাং ও অ্যাপল। তাদের পেছনেই দৌড়াচ্ছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। হুয়াউয়েকে শীর্ষে উঠে আসতে হলে আরও অনেক দূর এগোতে হবে।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান সিসিএস ইনসাইটের বেন উডের মতে, পশ্চিমা ক্রেতারা হুয়াউয়ের স্মার্টফোনকে এখনো স্বল্প দামের বিকল্প স্মার্টফোন হিসেবে বিবেচনা করেন।
হুয়াউয়ে কর্তৃপক্ষ জানিয়েছে,৬ দশমিক ৪ মিলিমিটার পুরু স্মার্টফোনটিতে রয়েছে ধাতব কাঠামো। অ্যান্ড্রয়েড ললিপপনির্ভর স্মার্টফোনটিতে দুই হাজার ৬৮০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। দুই সিম সুবিধার স্মার্টফোনে রয়েছে কিরিন ৯৩৫ চিপসেট ও অক্টাকোরের কর্টেক্স এ৫৩ প্রসেসর।
১৬ গিগাবাইট মডেলের হুয়াউয়ে পি৮ স্মার্টফোনের দাম হতে পারে ৫০০ ইউরো এবং ৬৪ গিগাবাইটের মডেলের ক্ষেত্রে আরও ১০০ ইউরো বেশি লাগতে পারে। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আফ্রিকার বাজারে শুরুতে আসবে এই স্মার্টফোন।