ডিজটাল সহকারী পছন্দ করছেন না অনেকেই, দুষছেন সিরিকে
যান্ত্রিক সহকারী বা একটি প্রোগ্রামের সঙ্গে মানুষের কথোপকথনের অভিজ্ঞতা এখনো অপ্রীতিকর রয়ে গেছে। সে কারণেই হয়তো মানুষ এখনো কণ্ঠনির্ভর ডিজিটাল ব্যক্তিগত সহকারী বা ভয়েস অ্যাসিসট্যান্টের ওপর পূর্ণ আস্থা রাখতে পারছে না। যেমনটা উঠে এসেছে সফটওয়্যার নির্মাতা অ্যাডোবি পরিচালিত এক গবেষণায়।
গত জুন মাসে করা এই গবেষণায় ৩৯৭ জন অংশগ্রহণকারীর মধ্যে ৩৭ শতাংশ অ্যাপলের সিরি, মাইক্রোসফটের করটানা বা অ্যামাজনের অ্যালেক্সার মতো ভয়েস অ্যাসিসট্যান্ট ব্যবহারের অভিজ্ঞতাকে খারাপ ও ভয়ানক—দুই-ই বলেছেন। আবার একই পরিমাণ মানুষ একে ইতিবাচক হিসেবেই বিবেচনা করছেন। বাকিদের মন্তব্য ‘ঠিক আছে’।
অ্যালেক্সাকে হয়তো বাতি নেভানোর জন্য বেশ কয়েকবার জোরে জোরে বলতে হচ্ছে, আবার সিরিকে একটি প্রশ্নের উত্তর ঠিক আছে কি না, তা আবার যাচাই করার জন্য জিজ্ঞেস করতে হচ্ছে। এমনটা হলে অবশ্যই ব্যবহারকারী আস্থা হারিয়ে ফেলবে। আর ভয়েস অ্যাসিসট্যান্টের ব্যবহার অপছন্দ করার পেছনে বড় ভূমিকা পালন করছে অ্যাপলের সিরি। অ্যাডোবি ডিজিটাল ইনসাইটসের মতে, ভোক্তাদের চাহিদামতো সেবা দিতে না পারায় এমনটা হচ্ছে। এ বিষয়ে অ্যাপলের কোনো প্রতিনিধি মন্তব্য করেননি।
অ্যাপল আগামী ডিসেম্বরে ৩৪৯ মার্কিন ডলার মূল্যের হোমপড স্মার্ট স্পিকার ছাড়ার পরিকল্পনা করছে। এই যন্ত্রটিতে সিরি একটি বড় ভূমিকা পালন করবে। মারিফুল হাসান, সূত্র: সিনেট