
ডিজিটাল অর্থনীতির কোনো সীমা নেই—এমনটাই প্রত্যাশা করা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি মেলা সিবিট-২০১৭-এ। জার্মানির হ্যানোভারে ‘ডিকোনমি-নো লিমিট’ স্লোগান নিয়ে ২০ মার্চ শুরু হয়েছে এই মেলা। বিশ্বজুড়ে অর্থনৈতিক কর্মকাণ্ড ও কাঠামোকে ডিজিটাল মাধ্যমে রূপান্তর করে তা কীভাবে আরও সহজ ও বাস্তবসম্মত করা যেতে পারে, সেসবের উপস্থাপনা থাকছে এবারের মেলায়।
পাঁচ দিনের সিবিট মেলায় এবারের সহযোগী দেশ হলো জাপান। মেলার প্রথম দিন মেলায় উপস্থিত ছিলেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবং জাপানি প্রধানমন্ত্রী সিনজো আবে। উদ্বোধনী অনুষ্ঠানে আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, ডিজিটাল অর্থনীতির সেবা সহজ ও সর্বজনীন করে ভোক্তাদের সবার কাছে পৌঁছে দিতে হবে। তিনি আগামী দিনে জাপানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য বাড়বে বলে আশা প্রকাশ করেন। সিনজো আবে তথ্যপ্রযুক্তি খাতসহ ইউরোপের সঙ্গে তাঁর দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও প্রসারিত হবে বলে জানান।

১ লাখ ৭৫ হাজার বর্গমিটার জায়গাজুড়ে আয়োজিত ৩১তম সিবিট মেলার ২৮টি হলে অংশ নিচ্ছে ৭০টি দেশের ৩ হাজার ৩০০ প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান। জাপানের আছে ১২০টি প্রতিষ্ঠান। এবারের মেলায় তিন নম্বর হলে বাংলাদেশ হাইটেক কর্তৃপক্ষের প্যাভিলিয়নে বাংলাদেশের সাতটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

সরাফ আহমেদ, হ্যানোভার (জার্মানি) থেকে
সিবিট মেলায় আলোচনার কেন্দ্রে
কৃত্রিম বুদ্ধিমত্তা
ক্লাউড কম্পিউটিং
সাইবার নিরাপত্তা
ড্রোন
ইন্টারনেট অব থিংস
ভার্চ্যুয়াল রিয়ালিটি
ফাইভজি