ডিজিটাল অর্থনীতিতে প্রথম সুইডেন
ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে সুইডেন এবং দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গবেষণায় দেখা গেছে, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) ব্যবহার করে সবচেয়ে বেশি অর্থনৈতিক উন্নয়ন করেছে এশিয়া ও ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চলের দেশগুলো।প্রতিবেদনে বলা হয়েছে, সুইডেন ও সিঙ্গাপুর আইসিটি ব্যবহার করে সবচেয়ে বেশি অর্থনৈতিক অগ্রগতি সাধন করেছে। এদিক থেকে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ফিনল্যান্ড ও যুক্তরাষ্ট্র।ডব্লিউইএফ জানায়, অর্থনীতি, পরিবেশ ও সামাজিকভাবে স্থিতিশীল বিশ্ব সৃষ্টিতে মূল ভূমিকা পালন করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি। গত কয়েক দশকের মধ্যে বিশ্বে সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকটের পর তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ব্যবহার তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে। ডব্লিউইএফের প্রতিবেদনে আধুনিকায়ন এবং নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে সমাজকে পরবর্তী দশকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ক্ষমতার ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে।আইসিটি ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো দেশগুলোর তালিকায় ডেনমার্ক সপ্তম, নরওয়ে নবম ও আইসল্যান্ড ১৬তম স্থানে রয়েছে। এশিয়ার মধ্যে তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার অবস্থান যথাক্রমে ষষ্ঠ ও দশম। এ ছাড়া হংকং রয়েছে ১২তম অবস্থানে।বিশ্বের ১৩৮টি দেশের ওপর এ গবেষণা চালানো হয়েছে। গবেষণায় সাধারণ ব্যবসা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তির অবকাঠামো এবং সরকার ও ব্যক্তিপর্যায়ে এ প্রযুক্তি ব্যবহার করে কী সুফল পাওয়া যাচ্ছে, তার ওপর গুরুত্ব আরোপ করে গবেষণাটি পরিচালিত হয়েছে। — বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান