ডিজিটাল উইনারস সম্মেলনে যাবে 'দুরবিন'

‘ডিজিটাল উইনারস’ শীর্ষক বাংলাদেশ পর্যায়ের অ্যাপ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে দেশি প্রতিষ্ঠান দুরবিন ল্যাবসের তৈরি ‘দুরবিন’ অ্যাপ্লিকেশনটি। ডিজিটাল উইনারস প্রতিযোগিতার স্থানীয় আয়োজনের উদ্যোক্তা হচ্ছে গ্রামীণফোন ও টেলিনর ডিজিটাল। উত্তর ইউরোপ ও আটলান্টিক অঞ্চলের মিডিয়া, প্রযুক্তি ও যোগাযোগ খাতের নেতৃস্থানীয় ব্যক্তি এবং উদ্ভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ডিজিটাল উইনারস সম্মেলন।
গতকাল টেলিনর আয়োজিত একটি অনুষ্ঠানে ‘দুরবিন’ অ্যাপটিকে প্রতিযোগিতার বিজয়ী হিসেবে ঘোষণা করে আয়োজকেরা। ২১ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নরওয়ের অসলোতে অনুষ্ঠেয় ডিজিটাল উইনারস সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে দুরবিন ল্যাবস।
অ্যাপ নির্মাতাদের দাবি, দুরবিন অ্যাপটি শিক্ষাকে আনন্দদায়ক ও সুলভ করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। পঞ্চম থেকে স্নাতক শ্রেণির শিক্ষার্থীরা এখানে তাদের শিক্ষা বিষয়ক সমস্যার সমাধান খুঁজে পাবেন। এই অ্যাপ বিভিন্ন ধারণাকে সহজভাবে শিক্ষার্থীদের কাছে তুলে ধরে।
চূড়ান্ত পর্বের জন্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে চারটি অ্যাপ নির্বাচন করেছিলেন বিচারকেরা। এর মধ্যে ছিল টেকনোলাইভের আলোকবর্তিকা, টিম বাইনারির বাংলা বর্ণমালা, মোবিওঅ্যাপের বইপোকা ও দুরবিন ল্যাবসের দুরবিন। এগুলো অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ প্ল্যাটফর্মের শিক্ষামূলক অ্যাপ।
গ্রামীণফোনের হেড অব এক্সটারনাল কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল বলেন, ‘স্থানীয়ভাবে আরও অ্যাপ ও কনটেন্ট তৈরির জন্য ডেভেলপারদের উৎসাহ দিচ্ছে গ্রামীণফোন। ডিজিটাল উইনার্সের মাধ্যমে ডেভেলপারদের প্রতিভা বিশ্ব দরবারে তুলে ধরার সুযোগ করে দেওয়া হচ্ছে।’