ডিজিটাল উদ্ভাবনী মেলার পুরস্কার বিজয়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলার শেষ দিনে গত শনিবার রাতে বিভিন্ন বিভাগের জন্য পুরস্কার ঘোষণা করা হয়। এতে দক্ষতা উন্নয়নে ই-সরকার বিভাগের সেরা পুরস্কার পেয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দেশের অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যবস্থাপনার মান উন্নয়নের জন্য এ পুরস্কার দেওয়া হয়। বিশেষ পুরস্কার জিতেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ নির্বাচন কমিশন। দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৮২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের হালনাগাদ তথ্য ডেটাবেস আকারে সমৃদ্ধ করায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ইউনিকোড সমর্থিত বাংলা ফন্ট নিকস ও নিকস কনভার্টার প্রোগ্রাম তৈরির উদ্যোগের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনকে এ বিশেষ পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া ই-সেবা বিভাগে শিক্ষার্থীদের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল এসএমএস পদ্ধতিতে পৌঁছানোর বিশেষ প্রক্রিয়া এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তির উদ্যোগের কারণে শিক্ষা মন্ত্রণালয়কে সেরা পুরস্কার দেওয়া হয়। চিনিকলগুলোতে প্রচলিত পুঁজিব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে নিম্নআয়ের প্রান্তিক কৃষকদের আখ কেনাবেচায় স্বচ্ছতার স্বীকৃতিস্বরূপ ডিজিটাল পুঁজি উদ্যোগের জন্য বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সেল ব্রডকাস্টিং ব্যবস্থায় প্রাক-দুর্যোগ সতর্কবার্তা প্রেরণ উদ্যোগের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোকে দেওয়া হয় বিশেষ সম্মাননা পুরস্কার। এ ছাড়া মেলায় আগত দর্শকদের ডিজিটাল ভোটে নির্বাচিত কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রকে (এআইসিসি) সবচেয়ে জনপ্রিয় সরকারি ই-উদ্যোগ এবং বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্কের (বিটিএন) ই-কৃষিকে সবচেয়ে জনপ্রিয় বেসরকারি ই-উদ্যোগ হিসেবে পুরস্কৃত করা হয়। ডিজিটালউদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিজয়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান উপস্থিত ছিলেন।—নিজস্ব প্রতিবেদক