ডিজিটাল ওয়ার্ল্ডে বাংলাদেশের 'ইতিবাচক ব্র্যান্ডিং'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজিটাল ওয়ার্ল্ড
ডিজিটাল ওয়ার্ল্ড

দেশে প্রথমবারের মতো সরকারি ও বেসরকারি উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪’। ৪ জুন থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া চারদিনের এ মেলা গতকাল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল ওয়ার্ল্ড দেশে ও বিদেশে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরতে সক্ষম হবে বলে মনে করছেন এর আয়োজকেরা।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় একসঙ্গে তিনটি এক্সপো হচ্ছে। এগুলো হলো সফটওয়্যার খাতের মেলা সফটএক্সপো, ই-গভর্নেন্স ও মোবাইল ইনোভেশন এক্সপো।

বেসিসের মহাসচিব ও মেলার প্রধান প্রকল্প কর্মকর্তা রাসেল টি আহমেদ প্রথম আলোকে বলেন, ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪ বাংলাদেশের একটি ‘সিগনেচার ইভেন্ট’ বা বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে ইতিবাচকভাবে তুলে ধরার আয়োজন। সরকারি ও বেসরকারি এই উদ্যোগ ঐতিহাসিক একটি ঘটনা। বাংলাদেশের ডিজিটাল ইতিহাসের সবচেয়ে বড় এ মেলায় দেশ-বিদেশের বিশেষজ্ঞরা এসেছেন।’ তিনি বলেন, ‘আগামীতে বিদেশি স্টলও থাকবে। আমরা বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরতে চাই। ’

মেলার লক্ষ্য ও প্রকল্প প্রসঙ্গে রাসেল টি আহমেদ বলেন,‘বহির্বিশ্বে ডিজিটাল বাংলাদেশকে ইতিবাচক ব্র্যান্ড হিসেবে তুলে ধরতেই এ মেলার আয়োজন করা হয়েছে। আমাদের দেশ নিয়ে বাইরের দেশে নেতিবাচক ধারণা দূর করতে এই মেলা ভূমিকা রাখবে। সারা বিশ্বে সত্যিকারের ডিজিটাল বাংলাদেশকে ভুল ধরার প্রত্যাশা আমাদের।’
মেলায় একসঙ্গে তিনটি এক্সপো হচ্ছে। এগুলো হলো, সফটওয়্যার খাতের মেলা সফটএক্সপো, ই-গভর্নেন্স ও মোবাইল ইনোভেশন এক্সপো। এ ছাড়া মেলায় থাকবে ই-কমার্স জোন, বিপিও, ডেভেলপার ও আউটসোর্সিং ফোরাম, সিইও নাইট, অ্যাওয়ার্ড নাইট ইত্যাদি আয়োজন রয়েছে। তথ্যপ্রযুক্তি পণ্য প্রদর্শনীর পাশাপাশি চারদিনের এ মেলায় অনুষ্ঠিত হচ্ছে বিষয়ভিত্তিক ৩০টি সেমিনার ও বেশ কয়েকটি কারিগরি পর্ব।
বেসিসের সভাপতি শামীম আহসান বলেন, ‘তরুণ দক্ষ পেশাজীবী তৈরিতে কাজ করে যাচ্ছে বেসিস। এই মেলার মাধ্যমে তরুণরা আরও উত্সাহ পাবেন। আগামী এক দশকের মধ্যেই বাংলাদেশ থেকে গুগল, ফেসবুকের মতো বড় উদ্যোগ দেখা যাবে।’
বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর জানিয়েছেন, ‘দেশে প্রথমবারের মতো সরকারি ও বেসরকারি উদ্যোগে একটি মেগা এক্সপো অনুষ্ঠিত হচ্ছে যা অবশ্যই খুশির খবর। এবারের মেলার বিশেষত্ব হচ্ছে তিনটি মেলাকে একসঙ্গে দেখতে পাচ্ছি। সফটএক্সপোর পাশাপাশি ই-কমার্স ও মোবাইল ইনোভেশনের বিষয়টিও এবারের মেলায় বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে।’
ফাহিম মাশরুর আরও বলেন, ‘এবারের মেলায় ইন্টারনেট, মোবাইল অ্যাপস ও ই-কমার্সকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। শুধুমাত্র ফ্রিল্যান্সিং নয়, এখন অ্যাপস তৈরি, ই-কমার্স নিয়ে উদ্যোগ গ্রহণ করতেও এগিয়ে আসছেন অনেকেই। মেলায় আলাদাভাবে ই-কমার্সকে গুরুত্ব দেওয়ার ফলে এ বিষয়টিতে অনেকেই আগ্রহী হবেন।’
বেসিসের সাবেক সভাপতি বলেন, ‘ইন্টারনেট বিষয়ে সচেতনতা বেড়েছে সেটা খুশির খবর। ইন্টারনেটের যথাযথ ব্যবহার ও ইন্টারনেট দক্ষতাকে কাজে লাগাতে পারলে দক্ষ জনশক্তি তৈরি করা অসম্ভব কিছু নয়। আমাদের এই ক্ষেত্রটি নিয়েই আরও বেশি কাজ করতে হবে। তবে ইন্টারনেটে আমাদের কাজের পরিধি বাড়াতে সবচেয়ে বেশি দরকার হবে স্থানীয়ভাবে তৈরি কনটেন্ট, অ্যাপস। আর এসব তৈরি করতে হবে স্থানীয় উদ্যোক্তাদের। আমাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রেরণা দিতে হবে। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করতে হবে। তবে সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠবে।’