
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫-এ গতকাল বুধবার গিয়ে দেখা গেল মূল ফটকের বাইরে মানুষের দীর্ঘ সারি। সেই সারিতে দাঁড়িয়ে থাকা আরিফুর রেজা জানালেন, গুগলের বাসের ভেতরে কী আছে তা দেখতেই এখানে আসা। জানা গেল, গুগল বাস বাংলাদেশে ভেতরে গুগলের সব সেবা দেখা ও বোঝার ব্যবস্থা রয়েছে। গতকাল ডিজিটাল ওয়ার্ল্ডের তৃতীয় দিনেও দর্শকদের বেশ ভিড় দেখা যায়। চার দিনের এই আয়োজনের পর্দা নামবে আজ।
সরকারের বিভিন্ন সেবা দেখানো হচ্ছে ডিজিটাল গভর্ন্যান্স এক্সপোতে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় স্টলে বাবা-মায়ের সঙ্গে শিশুসন্তান এলেই তাদের দেওয়া হচ্ছে এক সেট শিক্ষা উপকরণ। স্টলটিতে অনলাইনে শিক্ষক নিয়োগ পদ্ধতি এবং ডিজিটাল ক্লাসরুমের ধারণাও প্রচার করা হচ্ছে।
দোতলায় দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের মেলা বেসিস সফটএক্সপো প্রতিদিনই থাকে সরগরম। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের দেখা যাচ্ছে সফটওয়্যারের ফরমায়েশ দিতে। গ্লোবাল কমিউনিকেশন সেন্টারের প্রকল্প ব্যবস্থাপক মো. আবদুল্লাহ আল এমরান দর্শনার্থীদের দেখাচ্ছিলেন টেলিমেডিসিন পদ্ধতির বিস্তারিত। জানালেন, এর প্রতি দর্শকদের আগ্রহ বেশ। সফটএক্সপোতে দেখানো হচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর তৈরি সফটওয়্যার ও নানা রকম তথ্যপ্রযুক্তি সেবা।
ক্লাউডভিত্তিক প্রযুক্তি নিয়ে গতকাল অনুষ্ঠিত হয় ‘চতুর্থ ক্লাউড ক্যাম্প’ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলামসহ অনেকে। ক্লাউড ক্যাম্প বাংলাদেশের আহবায়ক মাহমুদ জামান এটি সঞ্চালনা করেন। ক্লাউড ক্যাম্পের সহপ্রতিষ্ঠাতা ডেভ লেইলসন ক্লাউড প্রযুক্তির বিস্তারিত তুলে ধরেন।
শেষ দিনেও এ আয়োজন খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। সন্ধ্যায় হবে সমাপনী অনুষ্ঠান। এতে জাতীয় আইসিটি পুরস্কারও দেওয়া হবে।
—নিজস্ব প্রতিবেদক