ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ প্রদর্শকদের আবেদন গ্রহণ শুরু
৬ থেকে ৮ ডিসেম্বর ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে `ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২' শীর্ষক প্রদর্শনী। প্রদর্শনীতে অংশগ্রহণে আগ্রহী প্রতিষ্ঠানগুলো ডিজিটালওয়ার্ল্ডের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ নামের এ আয়োজনের প্রতিপাদ্য- `সমৃদ্ধির জন্য জ্ঞান'। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) আয়োজিত `ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২'তে দেশ-বিদেশের শতাধিক প্রতিষ্ঠান তাদের সেবা ও পণ্য সামগ্রী প্রদর্শনের সুযোগ পাবে। এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশি্লষ্ট সরকারী বিভিন্ন উদ্যোগ এ প্রদর্শনীতে তুলে ধরা হবে। এ প্রসঙ্গে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস জানিয়েছেন, 'যে সব দেশি ও বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে আইসিটি নির্ভর কাজ করে আসছে তাদেরকে ডিজিটাল ওয়ার্ল্ডে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।'আগ্রহীদের আবেদন জমা দেবার শেষ তারিখ ৫ নভেম্বর,২০১২।আবেদনপত্র ডাউনলোড ও এ প্রদর্শনী সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.digitalworld.org.bd ওয়েবসাইট থেকে।