ডিজিটাল ওয়ার্ল্ডের পর্দা নামছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মেলাজুড়ে নানা বয়সী দর্শক। রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এসেছে মেলায়। যার যার পছন্দ অনুযায়ী ভিড় জমাচ্ছে মেলার বিভিন্ন প্রদর্শনী এলাকায়। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬’-এর দ্বিতীয় দিন গতকাল বৃহস্পতিবার এমন চিত্রই দেখা গেল। আজ মেলার শেষ দিন। যে কেউ বিনা মূল্যে প্রবেশ করতে পারবে, তবে এর জন্য নিবন্ধন করতে হবে। অনলাইনে কিংবা মেলা প্রাঙ্গণেও নিবন্ধন করা যাবে।
পুরো মেলা আয়োজন করা হয়েছে সাতটি ভাগে। দেশি-বিদেশি প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত নানা উদ্ভাবন নিয়ে মেলায় প্রদর্শনী চলছে। ই-গভর্নেন্স জোনে চলছে বাংলাদেশ সরকারের নানা মন্ত্রণালয়ের ডিজিটাল কর্মকাণ্ডের প্রদর্শনী। দেশকে ডিজিটাল করে তুলতে সরকারের বিভিন্ন বিভাগের সাফল্য ও নেওয়া উদ্যোগগুলো তুলে ধরে সাজানো হয়েছে স্টল। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ডিজিটাল শিক্ষাব্যবস্থা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘হ্যালো সিটি’ অ্যাপ দর্শনার্থীদের নজর কাড়ে। এ ছাড়া সরকারের সেবাগুলো অনলাইনে কীভাবে পাওয়া যাবে, তা দেখানো হচ্ছে আইসিটি বিভাগের স্টলে।
ই-কমার্স জোনে অনলাইনে বিকিকিনি ও বিভিন্ন ওয়েবসাইটের প্রদর্শনী চলছে। অনলাইন ব্যাংকিং, অনলাইন শপিংসহ অনলাইনে কাজ করার বিভিন্ন ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করে দেওয়া হয় দর্শনার্থীদের। রয়েছে ইস্টার্ন ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংকসহ অনেক ব্যাংকের অনলাইন কর্মকাণ্ডের প্রদর্শনীও।
মেলা সম্পর্কে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান সরকারের এমন আয়োজনকে স্বাগত জানিয়েছে। কথা হয় এসএসএল কমার্জের রিলেশনশিপ ম্যানেজার এম এম এলাহির সঙ্গে। তিনি বলেন, ‘সরকারের এমন উদ্যোগে আমরা দেশের জন্য আরও ভালো কিছু করার উৎসাহ পাই। সরকারের একান্ত সহযোগিতায় আমরা সরকারের সঙ্গে এক হয়ে কাজ করতে চাই।’ অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান মেট্রোডেস্কের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘ডিজিটাল ওয়ার্ল্ডের মতো এমন বিশাল আয়োজন আমাদের মতো আইটি নিয়ে কাজ করা মানুষদের দারুণভাবে উদ্বুদ্ধ করে।’