ডিজিটাল ওয়ার্ল্ডের প্রস্তুতি
‘সমৃদ্ধির জন্য জ্ঞান’ প্রতিপাদ্য নিয়ে ৬ ডিসেম্বর থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২’ নামের প্রযুক্তি মেলা। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম এর আয়োজক। এ মেলার প্রস্তুতি নিয়ে আজ ২ ডিসেম্বর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে (বিসিসি) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসচিব নজরুল ইসলাম খান, বিসিসির নির্বাহী পরিচালক জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস ও সচিবালয়ের পরামর্শক মুনির হাসান।আইসিটিমন্ত্রী বলেন, আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশের এগিয়ে যাওয়ার অভিজ্ঞতা বিশ্ববাসীর সামনে তুলে ধরা ও অভিজ্ঞতা বিনিময় করতেই ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১২’।‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২’তে প্রযুক্তি বিশেষজ্ঞ, শিক্ষার্থী ও তরুণদের জন্য থাকছে সেমিনার, সম্মেলন ও বিভিন্ন কর্মশালা। এ ছাড়াও থাকছে উদ্যোক্তা সম্মেলন, সার্টিফিকেশন কোর্স, উদ্যোক্তা মেলা, তথ্যপ্রযুক্তিনির্ভর নতুন পণ্য প্রদর্শন।মেলার প্রথম দিন ৬ ডিসেম্বর দেশি-বিদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে থাকছে ‘ডিজিটাল এন্টারপ্রেনার কনফারেন্স’। এক হাজারের বেশি উদ্যোক্তা অংশ নেবেন এ সম্মেলনে। ৭ ডিসেম্বর হবে ক্লাউড ক্যাম্প। বাংলাদেশে প্রথমবারের মতো এ ক্লাউড ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। ক্লাউড কম্পিউটিংয়ের নানা দিক নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় আলোচনা করা হবে ক্লাউড ক্যাম্পে। এ দিনেই অনুষ্ঠিত হবে ফ্রিল্যান্সিং সম্মেলন। দেশীয় ফ্রিল্যান্সারদের সঙ্গে এই সম্মেলনে যোগ দেবেন আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তিবিদ ও ফ্রিল্যান্সিং সংশ্লিষ্টরা। মেলায় থাকছে টেক ব্যাক দ্য টেক, মিট দ্য লিডারস, চিলড্রেন্স ডিজিটাল ওয়ার্ল্ড সমাবেশ। তিন দিনের এ আয়োজনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তিনির্ভর শতাধিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তাদের প্রকল্প প্রদর্শন করবে।