ডিজিটাল ক্যামেরাকে বিদায় জানাল কোডাক!
ইস্টম্যান কোডাক গত বৃহস্পতিবার ডিজিটাল ক্যামেরা, পকেট ভিডিও ক্যামেরা ও ডিজিটাল ফ্রেম নির্মাণ বন্ধ করার ঘোষণা দিয়েছে। কয়েকটি মডেলের ফিল্ম ক্যামেরা ও প্রিন্টার ছাড়া ক্যামেরার বাজার থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে শতবর্ষ প্রাচীন এ প্রতিষ্ঠানটি।প্রযুক্তির বিশ্লেষকদের মতে, কয়েক দশক ধরেই বাজারে পিছিয়ে পড়ছিল কোডাক। সনি, ক্যাননের তৈরি ডিজিটাল ক্যামেরার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকতে না পেরে পিছিয়ে পড়ছিল প্রতিষ্ঠানটি। এ ছাড়া স্মার্টফোন ডিজিটাল ক্যামেরার জায়গা দখল করার কারণে বাজারে কোডাকের ডিজিটাল ক্যামেরার জনপ্রিয়তায় ভাটা পড়ছিল।বিশাল দেনার দায় এড়াতে ২০১২ সালের জানুয়ারি মাসে দেউলিয়া ঘোষণার জন্য আদালতে আবেদন করে কোডাক। আবেদনের পর নিজেদের ডিজিটাল পেটেন্ট বিক্রির জন্য ক্রেতা খুঁজতেও শুরু করে প্রতিষ্ঠানটি। ওই সময় লোকসান কমাতে কোডাক পণ্য নির্মাণ বন্ধ ঘোষণা করছে বলেও এক খবরে জানিয়েছিল টাইমস। ইস্টম্যান কোডাক কোম্পানি সাধারণভাবে ‘কোডাক’ নামে পরিচিত। নিউইয়র্কের রোচেস্টারে অবস্থিত এ প্রতিষ্ঠানটি ক্যামেরা ও ফটোগ্রাফির ফিল্ম তৈরির জন্য বিখ্যাত। ১৮৮০ সালে জর্জ ইস্টম্যান প্রতিষ্ঠা করেছিলেন কোডাক। ব্রাউনি ও ইনস্টাম্যাটিক নামের ক্যামেরার সঙ্গে বিশ্বের পরিচয় করিয়ে দিয়েছিল কোডাক। ক্যামেরা তৈরি বন্ধ করা কোডাকের জন্য অবশ্যই বিশেষ কিছু। কারণ ১৯৭৫ সালে তারা বাজারে এনেছিল প্রথম ডিজিটাল ক্যামেরা। বেল ল্যাবে তৈরি ইলেকট্রনিক সেন্সর ব্যবহার করে কোডাকের এক ইঞ্জিনিয়ার স্টিভেন স্যাসন বিশ্বের প্রথম ডিজিটাল ক্যামেরা তৈরি করেছিলেন। ক্যামেরাটির ওজন ছিল সাড়ে তিন কেজির বেশি। এ ক্যামেরার সাহায্যে কম রেজুলেশনে সাদা-কালো ছবি তোলা যেত। ডিজিটাল ক্যামেরার উত্পাদন বন্ধ প্রসঙ্গে স্যাসন জানিয়েছেন, ‘কোডাকের ডিজিটাল ক্যামেরা তৈরি বন্ধ করার বিষয়টি দুঃখজনকই বটে।’১৯৯০ সালের পরে নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্য ৪০০ কোটি ডলার খরচ করে কোডাক। কিন্তু ফিল্ম ক্যামেরার ব্যবসা যাতে আরও ভালো থাকে সে কারণে ডিজিটাল ক্যামেরা আনতে দেরি করে ফেলে প্রতিষ্ঠানটি। ২০০১ সালে প্রথমবার ডিজিটাল ক্যামেরা আনে কোডাক। কিন্তু তত দিনে প্রযুক্তিতে অন্যান্য প্রতিষ্ঠান অনেক এগিয়ে গেছে। সনি এবং ক্যাননের ডিজিটাল ক্যামেরার সঙ্গে প্রায় এক অসম প্রতিযোগিতায় নামতে হয় কোডাককে।চলতি বছরের জুনেই ডিজিটাল ক্যামেরার ব্যবসা থেকে সরে যাবে কোডাক। ক্যামেরার ব্যবসা থেকে সরে গেলেও জনপ্রিয় প্রিন্টার ইংকজেটের ব্যবসা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কোডাক।