‘বাংলাদেশ দারুণ এক দেশ, যে দেশের তৈরি পোশাকশিল্পের পাশাপাশি তথ্যপ্রযুক্তিতেও রয়েছে যথেষ্ট সম্ভাবনা। আমরা ক্যাননের পক্ষ থেকে দারুণ সব পণ্য গ্রাহকদের কাছে পৌঁছাচ্ছি নানা রকম ব্র্যান্ডিংয়ের মাধ্যমে। তবে বাংলাদেশে ডিজিটাল ক্যামেরার ওপর রয়েছে উচ্চ আমদানি শুল্ক। এ শুল্ক প্রত্যাহার করা উচিত। কেননা, ডিজিটাল ক্যামেরা তথ্যপ্রযুক্তির পণ্য।’ প্রথমবারের মতো ঢাকায় এসে গত শুক্রবার প্রথম আলোকে একান্ত সাক্ষাত্কারে ক্যানন সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কেনসাকু কোনিশি এসব কথা বলেন। দুই দিনের এ সফরে তিনি ক্যাননের পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটসের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। শুক্রবার সন্ধ্যায় তিনি ক্যাননের পরিবেশক, করপোরেট প্রতিষ্ঠান এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। এ সময় তিনি বলেন, ক্যাননের করপোরেট দর্শন হচ্ছে ‘কিয়োসেই’ যার অর্থ হচ্ছে ধর্ম, বর্ণ ও জাতি-নির্বিশেষে সবার সঙ্গে মিলে একটি সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করে যাওয়া। এ ছাড়া প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য শুধু পণ্য বিক্রি করা নয়, বরং যে দেশে তারা তাদের পণ্য বিক্রি করছে, সে দেশের মানুষের আর্থসামাজিক কল্যাণ সাধন করাও ক্যাননের অন্যতম উদ্দেশ্য বলেও জানান তিনি। গ্রাহকদের সুবিধা দেওয়ার পাশাপাশি বিক্রোয়ত্তোর সেবার ক্ষেত্রেও প্রতিষ্ঠানের নানা দিকের কথা তুলে ধরেন তিনি। এ সময় জেএএন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ এইচ কাফিসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —নুরুন্নবী চৌধুরী