ডিজিটাল চরফ্যাশন উদ্বোধন হচ্ছে ১১ নভেম্বর
ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলার চরফ্যাশন উপজেলাকে ডিজিটাল করা হবে। আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন হচ্ছে ১১ নভেম্বর। গত রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল চরফ্যাশনের চর কুকরি-মুকরি পরিদর্শনকালে এ কথা জানায়।এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মেসবাহুল ইসলাম, পুলিশ সুপার বশীর আহমেদ, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মল্লিকসহ অনেকে। বর্তমান সরকারের ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে ভোলার চরফ্যাশন উপজেলাকে স্থানীয় উদ্যোগে ডিজিটাল উপজেলায় রূপান্তরের কার্যক্রম এগিয়ে চলেছে। ইতিমধ্যে উপজেলা প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানে ই-মেইল ঠিকানা খোলা হয়েছে। উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রত্যেক শিক্ষকের ই-মেইল ঠিকানা তৈরি করে উপজেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলার ১৬৭টি কমিটির সদস্যদের নামের তালিকা মোবাইল নম্বরসহ উপজেলার প্রতিটি দপ্তরের পৃথক পৃথক তথ্য, কার্যক্রম, কর্মকর্তা-কর্মচারীদের বিবরণ, সিটিজেন চার্টার তৈরি করা হয়েছে।চর কুকরি-মুকরি ইউনিয়ন পরিষদের সচিব মোকাম্মেল হক জানান, দুর্গম এই এলাকার অফিসের সঙ্গে যোগাযোগের সহজ পদ্ধতি ই-মেইলের মাধ্যমে হয়ে থাকে। বিদ্যুৎবিহীন এ ইউনিয়নে সৌরবিদ্যুতের মাধ্যমে কম্পিউটার চালানো হয় বলে জানান তিনি। এ ছাড়া ইউনিয়নের ভিজিএফ, ভিজিডি ও বয়স্ক ভাতাপ্রাপ্তদের নামের তালিকা কম্পিউটারে সংরক্ষণ করা হয়েছে।ইউনিয়ন পরিষদের বিভিন্ন সভার কার্যবিবরণী ই-মেইলে উপজেলা পরিষদে পাঠানো হয়। —চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি