ডিজিটাল জন্মনিবন্ধন নিয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মনিবন্ধন-প্রক্রিয়া ডিজিটাল করা হচ্ছে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার রাজধানীতে বিয়াম ফাউন্ডেশন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও এথিকস অ্যাডভান্স টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) উদ্যোগে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও পুনর্গঠন)। জন্মনিবন্ধন প্রকল্পের পরিচালক শেখ মুজিবর রহমান, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সৌম্য গুহ এবং ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান এতে বক্তৃতা করেন। কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয় ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউনিসেফ, সিডা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিক্সের (সিআরভিএস) কাজ শুরু হয়েছে এবং একে বেগবান করার জন্য এই গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালার শুরুতে প্ল্যান বাংলাদেশের আরিফুল ইসলাম এবং ইএটিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ মূল বিষয়ের তথ্য তুলে ধরেন। কর্মশালায় এই উপস্থাপনার জন্য তাঁদের ধন্যবাদ জানানো হয়।
জন্মনিবন্ধন কার্যক্রমকে সিআরভিএসের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করতে প্ল্যান বাংলাদেশ ও ইএটিএলের সহযোগিতায় দেশে একটি গবেষণা জরিপ পরিচালিত হবে। এই গবেষণা জন্মনিবন্ধন, মৃত্যুনিবন্ধনের বর্তমান অবস্থা, সমস্যা চিহ্নিতকরণ, সম্ভাব্য সমাধান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরিতে অবদান রাখবে।
গতকালের কর্মশালায় প্রাপ্ত মতামতের ভিত্তিতে তৈরি হবে প্রশ্নপত্র। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত সাত বিভাগের ১৪টি জেলায় ২৮টি জরিপ চালানো হবে। এ জরিপে সাড়ে তিন হাজার পরিবারকে সম্পৃক্ত করা হবে। এই জরিপের ফলাফল ডিজিটাল জন্মনিবন্ধন কার্যক্রমের উৎকর্ষতা বাড়াবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন।
বিজ্ঞপ্তি