ডিজিটাল টি-ব্যাগ!
যুক্তরাজ্যের গবেষকেরা চা তৈরির এক নতুন ধরনের প্রক্রিয়া উদ্ভাবন করেছেন। কফি মেশিনের মতোই চা তৈরির জন্য বিশেষ একটি যন্ত্র তৈরি করেছেন তাঁরা, যাতে বিশেষ ধরনের গোলাকার টি-ব্যাগ ব্যবহার করা যায়। যুক্তরাজ্যের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান কেমব্রিজ কনসালট্যান্টের গবেষকেদের দাবি, বিশ্বের প্রথম গোলাকার টি-ব্যাগের উদ্ভাবক তাঁরাই। এটা মূলত একটি ক্যাপসুল যা সহজেই পানিতে গলে যায়। গবেষকেরা তাই একে বলছেন ‘ডিজিটাল টি-ব্যাগ’। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।গবেষকেদের দাবি, ‘টি’ নামের যন্ত্রটিতে ডিজিটাল টি-ব্যাগ ব্যবহার করে মাত্র ২ মিনিটে চা তৈরি করা সম্ভব। এ টি-ব্যাগ ব্যবহারে চায়ের স্বাদ-গন্ধ বাড়ে। কেমব্রিজ কনসালট্যান্টের গবেষকরা জানিয়েছেন, প্রচলিত পদ্ধতিতে চা সেদ্ধ হতে চার মিনিট পর্যন্ত সময় লাগে। কিন্তু ‘টি’ পদ্ধতিতে চা তৈরিতে সময় লাগে কম আর চা সেদ্ধ হওয়ার বিষয়টিও নিয়ন্ত্রণ করা যায়। চা তৈরির যন্ত্রটি কফি তৈরির যন্ত্রের চেয়ে সাশ্রয়ী।কেমব্রিজ কনসালট্যান্টের গবেষক এডওয়ার্ড বার্নার এ প্রসঙ্গে জানিয়েছেন, কফি তৈরির ক্ষেত্রে প্রযুক্তিগত দিক থেকে অনেক উন্নতি হলেও চা তৈরির বিষয়টি এখনও মান্ধাতার আমলেই রয়ে গেছে। তাই চা তৈরির ক্ষেত্রে নতুন প্রযুক্তি ব্যবহারের সুযোগ রয়েছে।২০১৩ সালের জানুয়ারি মাসে লাসভেগাসে অনুষ্ঠিতব্য কনজুমার ইলেকট্রনিকস শোতে ‘টি’ মেশিন ও ডিজিটাল টি-ব্যাগ প্রদর্শন করবেন কেমব্রিজ কনসালট্যান্টের গবেষকেরা।