ডিজিটাল পদ্ধতিতে অভিবাসন কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর ও কমলগঞ্জ উপজেলার কুরমা চেকপোস্টে ডিজিটাল পদ্ধতিতে অভিবাসন (ইমিগ্রেশন) কার্যক্রম শুরু হয়েছে। ভারত-বাংলাদেশের যাত্রীদের দ্রুত ও উন্নত সেবাদান নিশ্চিতকরণে ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রথম দফায় মৌলভীবাজার জেলাধীন দুটি চেকপোস্টে ১২ জুলাই দুটি উন্নত ল্যাপটপ প্রদান করে এ কার্যক্রম শুরু করে।কুলাউড়া উপজেলার শরীপপুর ইউনিয়নের চাতলাপুর চেকপোস্ট কার্যালয় ঘুরে দেখা যায়, ইমিগ্রেশন কর্মকর্তা ম্যানুয়েল পদ্ধতিতে খাতায় পাসপোর্ট ও ভিসাসংক্রান্ত তথ্য লিপিবদ্ধ না করে ল্যাপটপের মাধ্যমে তা লিপিবদ্ধ করছেন। আলাপকালে চাতলাপুর চেকপোস্টের ইমিগ্রেশন কর্মকর্তা এসআই হাবিবুর রহমান বলেন, গত ১২ জুলাই থেকে এখানে ডিজিটাল পদ্ধতিতে ইমিগ্রেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন থেকে চাতলাপুর চেকপোস্টের প্রতিদিনের ইমিগ্রেশন-সংক্রান্ত তথ্য দ্রুত মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয় ও ঢাকার ইমিগ্রেশন অফিসে প্রদান করা যাচ্ছে। ফলে কম সময়ে যাত্রীদের সেবা প্রদান করা যাচ্ছে। তিনি আরও বলেন, এ পদ্ধতিতে যাত্রীর পাসপোর্টের নাম্বার ও নাম ব্যবহার করে দ্রুত ল্যাপটপ থেকে আগের সব তথ্য পাওয়া যাবে। ডিজিটাল পদ্ধতিতে চাতলাপুর চেকপোস্টে এক সঙ্গে অনেক কাজ করা যাচ্ছে।মৌলভীবাজারের পুলিশ সুপার মো. হারুন-অর-রশীদ বলেন, একই সঙ্গে কমলগঞ্জ উপজেলার কুরমা চেকপোস্টেও ল্যাপটপ প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে ইমিগ্রেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ দুটি চেকপোস্ট দিয়ে নিয়মিত ভারত-বাংলাদেশের যাত্রীরা যাতায়াত করছেন বলে প্রথম দফায় এ দুটি চেকপোস্টে এ পদ্ধতি চাল হলো। পরবর্তী সময়ে মৌলভীবাজারের অন্যান্য চেকপোস্টেও ডিজিটাল পদ্ধতি চালু হবে।—মুজিবুর রহমান, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি