ডিজিটাল পাঠ্যবই নিয়ে ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাই একাডেমি বিডির প্রথম পৃষ্ঠা
মাই একাডেমি বিডির প্রথম পৃষ্ঠা

পাঠ্যবইয়ের ডিজিটাল সংস্করণ নিয়ে চালু হলো ওয়েবসাইট মাই একাডেমি বিডি ডটকম (www.myacademybd.com)। ফলে চাইলেই ইন্টারনেটে পড়া ও শোনা যাবে পাঠ্যবইয়ের সব বিষয়।
গতকাল শনিবার ঢাকার ডেইলি স্টার ভবনের এ এস মাহমুদ সেমিনার হলে এই ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, ‘আমাদের শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ। প্রতিষ্ঠান-নির্ভর শিক্ষাব্যবস্থায় উপযুক্ত শিক্ষা উপকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ ব্যাপারে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিশেষজ্ঞ পর্যায়ে উপযুক্ত সচেতনতা প্রয়োজন।’
অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘প্রযুক্তির ব্যবহার শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখছে। আমাদের শিক্ষার্থীরা এই নতুন মাধ্যমে শিক্ষাগ্রহণে অনেক বেশি কৌতূহলী ও আগ্রহী।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের প্রধান অধ্যাপক সৈয়দ আখতার হোসেন, ইন্টেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়া মনজুর, সাবেক সচিব হুমায়ূন কবীর, মাই একাডেমির চেয়ারম্যান এ টি কে এম ইকবালসহ অনেকে।
সাইটটিতে রয়েছে উচ্চারণ-সহায়ক ইংরেজি ও বাংলা বিষয়ের ভিডিও লেকচার, বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্নের বিশ্লেষণ, প্রতিটি প্রশ্নের সহজ উত্তর, বিষয়ভিত্তিক অনলাইন লিংক, অনলাইন ম্যাগাজিন, অনলাইন ক্যাম্পাস, ক্যারিয়ার নির্দেশিকাসহ নানা কিছু। বর্তমানে সাইটটিতে পঞ্চম এবং নবম ও দশম শ্রেণির সব পাঠ্যবইয়ের বাংলা সংস্করণ পাওয়া যাবে।