ডিজিটাল পূর্বধলা নিয়ে কর্মশালা
সরকারঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনসহ সব স্বেচ্ছাসেবী সংগঠনতে প্রযুক্তিভিত্তিক সেবা প্রাপ্তির সুযোগ সৃষ্টি করতে আহ্বান জানিয়েছেন, নেত্রকোনা-৫ আসনের সাংসদ ওয়ারেসাত হোসেন। নেত্রকোণার পূর্বধলা উপজেলা পরিষদ মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশন ও ডিনেটের সহায়তায় তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান আরবানের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে ডিজিটাল উপজেলা গড়ার লক্ষ্যে আয়োজিত কর্মশালায় তিনি এ আহ্বান জানান। পূর্বধলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শহিদুল্লাহ খানের সভাপতিত্বে পূর্বধলা উপজেলায় তথ্য সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেনসহ অনেকে। আরবানের নির্বাহী পরিচালক সৈয়দ আরিফুজ্জামান প্রযুক্তিজ্ঞান সমৃদ্ধ ডিজিটাল পূর্বধলা তৈরির নানা উদ্যোগ এবং আগামী তিন বছরের কর্মপরিকল্পনা তুলে ধরেন। —পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি