ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠায় সহায়তা দেবে চীন

দেশে ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠায় সহায়তা চীন সহযোগিতা করবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। এখন চীন সফরে রয়েছে তিনি। দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও হুয়াইয়ের বিশেষ আমন্ত্রণে চীনে গেছেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গতকাল ২৭ আগস্ট চীনের ডেপুটি তথ্যপ্রযুক্তি মন্ত্রী মি. লিউ লিহুয়ার সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী। সেখানে দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে চীনের অর্থায়নে গৃহীত ও পরিচালিত (সফট লোনের মাধ্যমে) বিদ্যমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং আগামী অর্থবছরে গৃহীত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-২০১৫ প্রণয়নে এবং ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠায় চীনের সহযোগিতা চান।
এর আগে প্রতিমন্ত্রী এক্সিম ব্যাংক, চায়নার ভাইস-প্রেসিডেন্ট মি. ইয়েং শিং ওং এর সঙ্গে পৃথক বৈঠক করেন। তথ্যপ্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, টিয়ার-৪ ডেটা সেন্টার স্থাপন প্রকল্পে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ ১৫৪ মিলিয়ন মার্কিন ডলার অর্থ বরাদ্দ দিয়েছে। এ ছাড়া ইনফো সরকার-৩, এস্টাবলিশিং ডিজিটাল কানেকটিভিটি প্রকল্পের লোন এগ্রিমেন্ট দিয়েছে ব্যাংকটি।
চীন সফরে রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ (সিআরআইজি), হুয়াই, জেডটিইর প্রধান কার্যালয় পরিদর্শন করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।