
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের নতুন নতুন প্রযুক্তি তৈরি করতে হবে এবং এর পাশাপাশি ব্যবহার বাড়াতে হবে। ডিজিটাল বাংলাদেশ ও ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তব। গতকাল সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্যপ্রযুক্তির তিন দিনের মেলা ‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৫’ উদ্বোধনকালে এসব কথা বলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি আরও বলেন, ‘বাংলা গভ.নেট’ ও ‘ইনফো সরকার ফেজ-২’ প্রকল্পের মাধ্যমে সারা দেশে উপজেলা পর্যায় পর্যন্ত সরকারি অফিসকে একটি অভিন্ন নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে।’
দেশের মানুষ এখন টুজি, থ্রিজি ও ফোরজি প্রযুক্তি ব্যবহার করছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘দেশের ১২ কোটি মানুষ স্বল্পমূল্যে মোবাইল ফোন ব্যবহার করছে। সব ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বেড়েছে। যা কর্মজীবনকে গতিশীল করেছে।’ তিনি নতুন সবার প্রতি নতুন প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহারের আহ্বান জানান।
‘মিট ডিজিটাল বাংলাদেশ’ স্লোগানে শুরু হওয়া এ মেলার আয়োজক সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।
উদ্বোধন অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘চলতি বছরের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে দুই হাজার ল্যাপটপ কম্পিউটার বিতরণ করা হবে।’
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, আইসিটিসচিব শ্যাম সুন্দর সিকদারসহ অনেকে বক্তব্য দেন। বিসিএসের সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ বলেন, ‘মেক বাই বাংলাদেশ—ব্র্যান্ডে দেশের কম্পিউটার হার্ডওয়্যার শিল্পকে পরিচিত করতে এই মেলা ভূমিকা রাখবে।’
আনুষ্ঠানিক উদ্বোধনের পর মেলা সবার জন্য খুলে দেওয়া হয়। মেলায় প্রযুক্তিপণ্য, উদ্ভাবনী প্রকল্প, তথ্যপ্রযুক্তি সেবা ও সরকারি সেবা প্রদর্শন করা হচ্ছে। মেলা শেষ হবে আগামীকাল বুধবার। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলা এই মেলা সবার জন্যই উন্মুক্ত।