ডিজিটাল বাংলাদেশ গড়তে কাজে সমন্বয় প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝেমধ্যে এমন হয় যে জরুরি কোনো প্রকল্পের অনুমোদন পেতে বছরের অর্ধেক পেরিয়ে যায়। বাকি সময়টাতে প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন এক রকম অসম্ভব হয়ে পড়ে। এই প্রকল্পগুলো বছরের প্রথম দিকে অনুমোদন পেলে কাজে অগ্রগতি বাড়বে এবং প্রকল্প ফলপ্রসূ হবে।
বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় এবং সহযোগিতা বাড়াতে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে এক মতবিনিময় সভায় বক্তারা এমন মত দেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য আমরা যে যার অবস্থান থেকে কাজ করে যাচ্ছি। তবে কাজে সমন্বয় না থাকলে একই কাজ বারবার করতে হয়, যা সময় এবং অর্থের অপচয় করে।’
বিভিন্ন মন্ত্রণালয়ের কাজে সমন্বয় আনতে আইসিটি বিভাগের উদ্যোগে ‘ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার’ তৈরি করা হচ্ছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ সে কথাই জানান। তিনি আরও বলেন, ‘১৬ কোটি মানুষের করের টাকার যেন কোনো অপচয় না হয়, আমরা সেদিকে লক্ষ রেখেছি। অর্থের অপচয় রোধ করলে ডিজিটাল বাংলাদেশ গড়া আরও ত্বরান্বিত হবে।’
সভায় সাইবার নিরাপত্তা নীতিমালা, সাইবার নিরাপত্তার জন্য জাতীয় সংস্থা এবং দ্রুতগতির ইন্টারনেট সেবা ফোরজি চালুর আহ্বান জানানো হয়।
এই মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিভিত্তিক নতুন উদ্যোগ (স্টার্টআপ) ইয়াকসি ইনকরপোরেটেড এবং বিসিসির মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়।
ইয়াকসি মূলত ভিডিও সম্মেলন এবং সরাসরি সম্প্রচার করার একটি প্রযুক্তি। স্মার্টফোনে ব্যবহারের জন্য অ্যাপ্লিকেশনও (অ্যাপ) রয়েছে। বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম এবং ইয়াকসির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শাহ তালুকদার চুক্তিপত্রে সই করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক বিভাগের সদস্য হুমায়ুন খালিদ, আইসিটিসচিব শ্যাম সুন্দর সিকদার, অতিরিক্ত সচিব হারুনুর রশিদ, বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরাসহ আরও অনেকে।
মেহেদী হাসান