খুদে শিক্ষার্থীদের বিজ্ঞানশিক্ষায় উদ্বুদ্ধ করতে হলে নানা ধরনের প্রকল্প বানাতে হবে। এর জন্য সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি শিক্ষকদের এগিয়ে আসতে হবে। তবেই ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হবে। আর ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে বিজ্ঞানভিত্তিক প্রকল্পের বিকল্প নেই। গতকাল রোববার বিকেলে কুমিল্লায় তিন দিনের বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মেলার সমাপনী দিনে বক্তারা এ কথা বলেন। কুমিল্লা জেলা প্রশাসন ওই মেলার আয়োজন করে।কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখার মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস, ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এম এম শফিউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক ও ভিক্টোরিয়া সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আবদুস সবুর খান।মেলায় কুমিল্লা মডার্ন হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রীদের প্রকল্প ‘ডিজিটাল ক্লাস রুম’ দর্শনার্থীদের মুগ্ধ করেছে। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ওই বিদ্যালয়ের ছাত্রী নুরুন্নাহার জানান, ৩৫ জন শিক্ষার্থীর জন্য একটি ডিজিটাল ক্লাস রুম তৈরি করতে দেড় লাখ টাকা লাগবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তিগতভাবে জ্ঞান অন্বেষণ করতে পারবে। মেলায় সিনিয়র ও জুনিয়র গ্রুপে ৬৩টি প্রকল্প উপস্থাপন করা হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজয়ী হয়।‘প্রযুক্তি প্রগতির পথ বলে গণ্য, ডিজিটাল বাংলাদেশ সকলের জন্য’ স্লোগান নিয়ে এবারের মেলা অনুষ্ঠিত হচ্ছে। —নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা