ডিজিটাল বাংলাদেশ গড়তে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে কোন কাজের প্রয়োজনীয়তা বেশি, সে গুরুত্বটা বুঝতে হবে। উল্লেখযোগ্য অর্জনগুলোকে তুলে ধরা এবং স্বীকৃতিগুলো সবাইকে জানাতে হবে। তবে সবার আগে নিজেদের চিন্তাধারার পরিবর্তন প্রয়োজন। গতকাল বুধবার ঢাকায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনের আইসিটি ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্স ফাউন্ডেশনের (আইডিআরএফ) আয়োজনে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক গোলটেবিলে বক্তারা এসব কথা বলেন।গোলটেবিল আয়োজনে প্রধান অতিথি বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ একটা লক্ষ্য, যা অর্জনে আমাদের চিন্তাধারার পরিবর্তন জরুরি। তথ্যপ্রযুক্তি আমাদের জন্য যথেষ্ট সম্ভাবনাময় এবং বিশেষ একটি লক্ষ্যকে বাস্তবায়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’ অনুষ্ঠানে বক্তৃতা করেন এটিএন বাংলার উপদেষ্টা সাইফুল বারী, বিসিসির নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, আইডিআরএফের চেয়ারম্যান এম এ রশিদ, আইবেল নেটওয়ার্কসের প্রধান কৌশলগত কর্মকর্তা শাহাদাত খান, আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান, কমপিউটার জগত্-এর সহযোগী সম্পাদক মইনউদ্দিন মাহমুদ, প্রথম আলোর উপফিচার সম্পাদক পল্লব মোহাইমেনসহ অনেকে।বক্তারা বলেন, সঠিক তথ্য আর সময়ের চাহিদা অনুযায়ী প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। মিডিয়াকে যেমন সমালোচনা করতে হবে, তেমনি সফলতার কথাগুলোও তুলে ধরতে হবে। দেশের বিভিন্ন জায়গায় প্রযুক্তি কাজে লাগিয়ে যেসব কাজ হচ্ছে, সেগুলোকে ব্যাংকঋণসহ নানা সুবিধা দেওয়া যেতে পারে। বক্তারা ভিওআইপি উন্মুক্ত করার আহ্বান জানান। গোলটেবিল সঞ্চালনা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞানের অধ্যাপক মো. কায়কোবাদ।অনুষ্ঠানে আইসিটিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথম আলো, ভোরের কাগজ, এটিএন বাংলা ও কমপিউটার জগেক বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। —নুরুন্নবী চৌধুরী