ডিজিটাল বাংলাদেশ গড়তে রাজনৈতিক নেতৃত্বের সংকট কাটাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মানুষ বিশ্বের যেকোনো দেশের মানুষের চেয়ে মেধা ও প্রজ্ঞায় কম নয়। কিন্তু আমাদের সবচেয়ে বড় সংকট রাজনৈতিক নেতৃত্ব। এ সংকট কাটিয়ে উঠতে পারলে ডিজিটাল বাংলাদেশ দ্রুত বাস্তবায়ন সম্ভব। গত শনিবার সন্ধ্যায় দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার। তিনি বলেন, দেশে আড়াই কোটি শিক্ষিত বেকার আছেন। কোনো ক্ষেত্রেই কাজে লাগছেন না তাঁরা, কারণ আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে ডিজিটাল বাংলাদেশ গড়তে হবে। সেমিনারে বক্তৃতা করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আফজাল হোসেন, দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ দিনাজপুর জেলা শাখা আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি দিনাজপুর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আফসার আলী সরদার।—দিনাজপুর অফিস