ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রযুক্তিকে সর্বক্ষেত্রে কাজে লাগাতে হবে। শুধু সরকারের ওপর নির্ভরশীল না হয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে সরকারের প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান ও প্রযুক্তিসংশ্লিষ্ট মাধ্যমগুলো পরিচালনার জন্য দক্ষ লোকের প্রয়োজন। গতকাল শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশের এক বছরের কার্যক্রম’ শীর্ষক গোলটেবিলে বক্তারা এসব কথা বলেন। তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) আয়োজিত গোলটেবিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, সর্বক্ষেত্রে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগানোর কাজ এগিয়ে চলছে। শিগগিরই বিভিন্ন স্থানে মোবাইল ফোন ব্যাংকিং, ই-কৃষিবিষয়ক কাজ শুরু হচ্ছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদ ভবনগুলোকে তথ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। গোলটেবিলে বক্তব্য দেন সাংসদ আকরাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক লুত্ফুর রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িত্ প্রকৌশল বিভাগের অধ্যাপক আমিনুল হক, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার, বাংলাদেশ সফটওয়্যার অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুল্লাহ এন করিম, আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামান, তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সদস্যসহ অনেকে। গোলটেবিলে বক্তারা ই-কমার্সের ক্ষেত্রকে আরও এগিয়ে নেওয়া, কেন্দ্রীয় ডিজিটাল লাইব্রেরি তৈরি, প্রাইভেট-পাবলিক পার্টনারশিপ (পিপিপি) আরও বাড়ানো, ভিওআইপি উন্মুক্ত করা, ব্যান্ডউইথের মূল্য কমানো, কমিউনিটি রেডিওর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান। পুরো অনুষ্ঠানটি সরাসরি ওয়েবসাইটে প্রকাশ করে কমজগত ডট কম। —নুরুন্নবী হাছিব