ডিজিটাল বাংলাদেশ নিয়ে পটুয়াখালীতে আলোচনা সভা
ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সবাইকে যোগ্যতা অনুসারে কাজ করতে হবে। সরকার এ ক্ষেত্রে সহযোগীর ভূমিকা পালন করে যাবে। গতকাল বুধবার পটুয়াখালী শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) আয়োজিত এক সভায় বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এ কথা বলেন। সভায় পটুয়াখালীর ৬৭টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের উদ্যোক্তা এবং পটুয়াখালী ও বরগুনা জেলার কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানেরা উপস্থিত ছিলেন। সভায় তথ্যপ্রযুক্তি শিক্ষা জোরদার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবগুলো অবসর সময়ে স্থানীয় বাসিন্দাদেরও ব্যবহার করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। সভায় বক্তব্য দেন বিসিসির নির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান, আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান, দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক রণজিৎ, অমল কৃষ্ণ মণ্ডল প্রমুখ বক্তব্য দেন।আইসিটি প্রতিমন্ত্রী এরপর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিসিসি প্রতিষ্ঠিত সাইবার সেন্টার পরিদর্শন করেন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পবিপ্রবির ভূমিকা শীর্ষক সেমিনারে বক্তব্য দেন। বরিশালে আউটসোর্সিং কর্মশালা অনুষ্ঠিত: বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও সাউথ এশিয়ান স্পেশালাইজড এডুকেশন গ্রুপের সহায়তায় বরিশাল রয়েল সেন্ট্রাল কলেজের আয়োজনে গতকাল দিনব্যাপী আউটসোর্সিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ৪৫ জন শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। কর্মশালা পরিচালনা করেন তথ্যপ্রযুক্তি পেশাজীবী সুফি ফারুক ইবনে আবু বকর ও বিডিওএসএনের খুলনা বিভাগের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন আইসিটি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। —নিজস্ব প্রতিবেদক