ডিজিটাল বাংলাদেশ নিয়ে বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজিটাল বাংলাদেশ স্বপ্নপূরণের অভিযাত্রা
ডিজিটাল বাংলাদেশ স্বপ্নপূরণের অভিযাত্রা

ডিজিটাল বাংলাদেশ স্বপ্নপূরণের অভিযাত্রা লেখক: অজিত কুমার সরকার দাম: ৫০০ টাকা পৃষ্ঠা: ৫১২। প্রকাশক: তথ্যসেবা বার্তা সংস্থা (টিএসবি) প্রকাশনা, লালমাটিয়া, ঢাকা

ডিজিটাল বাংলাদেশ মানেই তথ্যপ্রযুক্তির জয়যাত্রা। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন কার্যক্রম শুরুর মধ্য দিয়ে আমাদের দেশে একটি বৈপ্লবিক অগ্রযাত্রা শুরু হয়েছে। ডিজিটাল সেবাপদ্ধতি, ডিজিটাল তথ্যপ্রযুক্তি, ডিজিটাল মাধ্যম ও ডিজিটাল সিস্টেম সব মিলিয়েই ডিজিটাল বাংলাদেশ। সময়ের সঙ্গে সঙ্গে সুপরিকল্পিত, আধুনিক ও দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশকে মূলত উন্নয়নের একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে অনেকটাই সক্ষম হয়েছে। এমন কথা বলা হয়েছে ডিজিটাল বাংলাদেশ স্বপ্নপূরণের অভিযাত্রা বইতে। বইটি লিখেছেন অজিত কুমার সরকার। 

তথ্যপ্রযুক্তি ছড়িয়ে পড়ার কারণে গ্রাম-বাংলার মানুষের জীবনে পরিবর্তনের প্রকৃত চিত্র তুলে ধরার জন্য তিনি দেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সফর করেছেন। বইটিতে আছে বেশ কয়েকটি অধ্যায়। যেগুলোতে লেখক তুলে ধরেছেন তথ্যপ্রযুক্তি বিপ্লব ও বাংলাদেশ, ডিজিটাইজেশনে রূপান্তর পরিকল্পনা ও উদ্যোগ, তৃণমূল থেকে ডিজিটাইজেশনের যাত্রা, ইউআইএসসি প্রতিষ্ঠার দুই বছর পরের চিত্র, ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের বহুমাত্রিক ব্যবহার ইত্যাদি বিষয়। এ ছাড়া বইটিতে আরও রয়েছে জনপ্রিয় সাইটের আদলে ইউআইএসসি ব্লগ, ডিজিটাইজেশন এবং আর্থসামাজিক উন্নয়ন, জেলা ই-সেবাকেন্দ্র, গণমাধ্যমের পাতায় ডিজিটাল বাংলাদেশ, স্বাস্থ্যসেবায় ডিজিটাল প্রযুক্তি, ডিজিটাল উদ্ভাবনী ও তথ্যপ্রযুক্তি মেলা ইত্যাদি বিষয়। সরকারের ডিজিটাল বাংলাদেশ ধারণা বাস্তবায়নের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বেশ ভালো একটি ধারণা পাওয়া যাবে বইটি থেকে। —রাহিতুল ইসলাম