ডিজিটাল বাংলাদেশ নিয়ে মংলায় সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে উন্নীত করতে হলে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির মাধ্যমে সামাজিক ন্যায়পরায়ণতা, সাম্য, লিঙ্গসমতা ও সম-অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ ছাড়া দেশের দ্বিতীয় সাবমেরিন কেব্ল স্টেশনটি শিগগিরই মংলা বন্দরে স্থাপন করা হবে। গত বুধবার দুপুরে মংলা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে ‘ডিজিটাল বাংলাদেশ এবং আমাদের করণীয় শীর্ষক’ সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এসব কথা বলেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে খুলনার মধ্যে ডিজিটাল মংলা অনেক অগ্রগামী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ হাবিবুন নাহার, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম শেখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিওকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্ট পলস উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুদান হালদার। এর আগে গত ১৬ এপ্রিল এক অনুষ্ঠানের মাধ্যমে তিনটি কলেজ, পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়, মুক্তিযোদ্ধা সংসদ, সুন্দরবন, প্রেসক্লাব ও তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর নামে মোট ১৬টি ওয়েবসাইট চালু করা হয়। আর আগামী মাসেই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপনসহ দুটি ইউনিয়নে ইউনিয়ন তথ্য কেন্দ্র (ই-সেন্টার) চালু করা হবে। —সুমেল সারাফাত, মংলা (বাগেরহাট) প্রতিনিধি