ডিজিটাল বাংলাদেশ নিয়ে সেমিনার
ডিজিটাল বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রতি অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারগুলোতে বক্তারা এমন আহ্বান জানাচ্ছেন। এসব সেমিনারে বলা হচ্ছে, ডিজিটাল প্রযুক্তির প্রয়োগে সরকারের কাজ আরও গতিশীল হবে। পঞ্চগড়ে গত শুক্রবার অনুষ্ঠিত সেমিনারে জানানো হয়, জেলার ৪৩টি ইউনিয়নকে তথ্যপ্রযুক্তি সেবার আওতায় আনা হয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে স্থাপন করা হয়েছে তথ্য সেবাকেন্দ্র। সেমিনারে এ তথ্য জানান জেলা প্রশাসক বনমালী ভৌমিক। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ তথ্যপ্রযুক্তি সেবাকেন্দ্রে একটি করে কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ রয়েছে। কক্সবাজারের উখিয়ায় গত রোববার অনুষ্ঠিত সেমিনারে কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বলেছেন, তথ্যপ্রযুক্তি সুবিধার অভাবে দেশ অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ গোলামুর রহমানের সভাপতিত্বে এ সেমিনারে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল আলম নিজামী বলেন, এক বছরের মধ্যে কক্সবাজার জেলার সব উপজেলায় তারহীন ইন্টারনেট সেবা চালু হবে। সেমিনার শেষে সাংসদ উখিয়ার জালিয়াপালং, হলদিয়াপালং ও রাজাপালং ইউনিয়নের তথ্যপ্রযুক্তি সেবাকেন্দ্র উদ্বোধন করেন। গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ‘ডিজিটাল বাংলাদেশ ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার। সেমিনারে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. দেলোয়ার হোসেন বলেন, সবার সচেতনতা বাড়াতে হলে তথ্যের অবাধ প্রবাহ দরকার। উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোতাহার হোসেন মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরোজ কুমার নাথসহ অনেকে উপস্থিত ছিলেন। মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরে একই বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ একাব্বর হোসেন। এতে বক্তৃতা করেন মির্জাপুর পৌরসভার মেয়র মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত রেহানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, ভাইস চেয়ারম্যান সালমা সালামসহ অনেকে। —পঞ্চগড়, উখিয়া (কক্সবাজার), কাপাসিয়া (গাজীপুর) ও মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি