ডিজিটাল বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ

বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। এ কথা বলেছেন ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব হাউলিন ঝাও। তিনি ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫ উপলক্ষে বাংলাদেশে এসেছেন। গতকাল ১০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মিনিস্ট্রিয়াল কনফারেন্সে অংশ নেন তিনি।
ঝাও বলেন, যে দেশ যত দ্রুত ইনফরমেশন হাইওয়েতে যুক্ত হবে, তাদের অর্থনীতি তত চাঙা হবে। বাংলাদেশসহ উন্নয়নশীল বিভিন্ন দেশের সরকার তথ্যপ্রযুক্তিকে যেভাবে গুরুত্ব দিচ্ছে, তাতে শিগগিরই এসব দেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী অবস্থানে চলে যাবে।
মিডিয়া বাজারে অনুষ্ঠিত এ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর আইসিটি–বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সেবা খাত থেকে জিডিপিতে ১ শতাংশ অবদান রাখার লক্ষ্যে ইপিজেডের আদলে ঢাকায় সফটওয়্যার এক্সপোর্ট জোন (এসইজেড) তৈরির কথা বলেন তিনি।
অনুষ্ঠানে জয় বলেন, তথ্যপ্রযুক্তির কল্যাণেই বাংলাদেশ আজ ‘তলাহীন ঝুড়ি’ থেকে ‘ডিজিটাল বাংলাদেশ’ মর্যাদা পাচ্ছে। ২০০৮ সালের দারিদ্র্য ৪০ শতাংশ থেকে ২৬ শতাংশে নেমে এসেছে, মোবাইল ব্যবহারকারী ২০ মিলিয়ন থেকে ১২০ মিলিয়নে দাঁড়িয়েছে এবং ইন্টারনেট ব্যবহারকারী দশমিক ০৪ থেকে বেড়ে ২৭ শতাংশে উন্নীত হয়েছে।
সম্মেলনে সার্কভুক্ত দেশে নেপাল, ভুটান, মালদ্বীপ, কম্বোডিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইনের প্রতিনিধি ছাড়াও দেশের আইসিটি খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঞ্চালনায় বিভিন্ন দেশের মন্ত্রিপরিষদের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় আরও অংশ নেন ভুটানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী দিনা নাথ ধুনগোয়েল, মালদ্বীপের মন্ত্রী আহমেদ আদিম, নেপালের মন্ত্রী মিনেন্দ্র প্রসাদ। অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।