ডিজিটাল বাংলাদেশের জন্য চাই দ্রুতগতির ইন্টারনেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তির এ যুগে কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্যকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া সম্ভব। এ জন্য বেশ কিছু কর্মপন্থা-কৌশল নির্ধারণ করতে হবে। এসব কৌশল বিভিন্ন স্থানে প্রয়োগ করে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হবে। আর ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য চাই দ্রুতগতির ইন্টারনেট। গতকাল শনিবার কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের মিলনায়তনে ‘ইন্টারনেট তথ্যপ্রবাহ ও ব্রডব্যান্ড কুমিল্লা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পের উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রধান অতিথি কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন জানান, এক মাসের মধ্যে কুমিল্লা টাউন হল ও কুমিল্লা ক্লাবসহ কান্দিরপাড় এলাকায় তারহীন ওয়াই-ফাই ইন্টারনেট সেবা চালু করা হবে। তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, সরকারের সেবা খাতগুলোকে আরও এগিয়ে নেওয়ার জন্য ইন্টারনেটের বিকল্প নেই। সেমিনারে কুমিল্লার জেলা প্রশাসক মো. জামাল হোসাইন, ডি নেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান, এম এম সিস্টেমের প্রধান নির্বাহী আবদুল মোতালেব, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত, কুমিল্লার কাগজ-এর সম্পাদক আবুল কাশেম, কুমিল্লা পৌরসভার কাউন্সিলর জমির উদ্দিন খান বক্তৃতা করেন। সেমিনারটি সঞ্চালনা করেন আমাদের গ্রামের পরিচালক রেজা সেলিম। সেমিনারের মূল প্রবন্ধে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান বলেন, ‘অপটিক্যাল ফাইবার সংযোগের ব্যাকবোন চট্টগ্রামে হওয়ায় কুমিল্লার সঙ্গে এর সংযুক্তি রয়েছে। ইন্টারনেটের তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে ওই প্রযুক্তিকে কাজে লাগানো সম্ভব। এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যাবে। কুমিল্লার ঐতিহ্য খাদি শিল্পকে ই-কমার্সের আওতায় আনতে হবে।—গাজীউল হক, কুমিল্লা