ডিজিটাল বুক আর্কাইভ অ্যাপের উদ্বোধন
মুক্তিযুদ্ধবিষয়ক বই, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, শিশু-কিশোর সাহিত্য, সাহিত্য সমালোচনা ও অন্যান্য বিষয়ভিত্তিক বই নিয়ে চালু হয়েছে ‘বই চিত্র’ নামের ডিজিটাল বুক আর্কাইভ অ্যাপ। ডিজিটাল লাইব্রেরি ফরম্যাটের এ অ্যাপ আজ উদ্বোধন হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বই চিত্রের উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ।
বই চিত্র অ্যাপে টেক্সট ছাড়াও অডিও বুক থাকছে। এ ছাড়া চলচ্চিত্র–সাহিত্যবিষয়ক আলোচনা, ব্লগিং ও অন্যান্য বইভিত্তিক অ্যাপ, ওয়েবসাইট, জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠানের লাইভের লিংকও পাওয়া যাবে।
অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, জ্ঞানভিত্তিক ও সৃজনশীল বাংলাদেশ গড়তে বই পড়ার কোনো বিকল্প নেই।
প্রতিমন্ত্রী জানান, আইসিটিতে বাংলাকে সমৃদ্ধ করার উদ্দেশ্যে আইসিটি বিভাগের বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্পের মাধ্যমে অপটিক্যাল ক্যারেকটার রিকগনাইজার (ওসিআর), টেক্সট টু স্পিচসহ ১৫টি টোল তৈরি করা হচ্ছে। সারা দেশে ৭১টি লাইব্রেরিকে ডিজিটালাইজ করা হচ্ছে। একটি ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি করা হবে।
আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, ধানসিঁড়ি ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সার।