শুক্রবার ছুটির দিন মংলার ১০টি স্কুল-কলেজের ছেলেমেয়েরা সবাই যার যার শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত। সবাই খুবই উত্তেজিত। চোখেমুখে নতুন কিছু আবিষ্কারের আগ্রহ উপচে পড়ছে। সবার উদ্দেশ্য একটাই—বিকেল থেকেই শুরু হবে ডিজিটাল মংলার কার্যক্রম। স্থানীয় স্কুল-কলেজ, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, কুটির শিল্পের ওয়েবসাইট তৈরি করার মধ্য দিয়ে শুরু হয়েছে ডিজিটাল মংলার কার্যক্রম। মংলার মিঠেখালিতে বিকেলে ই-মংলা (www.emongla.com) নামের ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান ডিজিটাল মংলার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বেসরকারি উদ্যোগে সত্যিকার অর্থে ডিজিটালাইজেশনের এত ভালো কাজ প্রশংসার দাবিদার। অনুষ্ঠানে আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পের পরিচালক রেজা সেলিম বলেন, এই প্রজন্মের এই মেধাবী সন্তানেরা গ্রামীণ মানুষকে প্রযুক্তির সুবিধা দেওয়ার জন্য যে অসাধ্য সাধন করেছে, তা রীতিমতো অনুকরণযোগ্য। এতে স্থানীয় সাংসদ হাবিবুন নাহার, মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুর রহমান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, এফএসবির চেয়ারম্যান এন আর খান বক্তব্য দেন। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ব্র্যাক ব্যাংক। সংযোগ অংশীদার হিসেবে গ্রামীণফোন ৩৫টি মডেম উপহার দেয়।ই-মংলা সাইটের নির্মাতা ফিউচার সলিউশন ফর বিজনেসের (এফএসবি) ব্যবস্থাপনা পরিচালক সাদেকা হাসান বলেন, দারিদ্র্যমুক্ত, স্বনির্ভর রাষ্ট্র গঠনে প্রযুক্তির যথাযথ ব্যবহারের কোনো বিকল্প নেই। প্রযুক্তির স্পর্শে গ্রামীণ অর্থনীতিতে আসবে নতুন প্রাণ। ই-মংলা সম্পর্কে তিনি জানান, মংলা উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের আলাদা ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এ ছাড়া মংলা উপজেলার ওয়েবসাইট, এনজিওর তালিকা, মুক্তিযোদ্ধা সংসদের ওয়েবসাইট ইত্যাদি তৈরি করা হচ্ছে। বিনা মূল্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে সফটওয়্যার দেওয়া হবে। স্থানীয় সাংবাদিকদের জন্যও থাকবে ওয়েবসাইট, যাতে প্রতিদিনের প্রকাশিত-অপ্রকাশিত সব সংবাদ প্রকাশ করা যাবে। উদ্যোক্তারা জানান, সবগুলো ওয়েবসাইট ও কার্যক্রম একসঙ্গে ই-মংলা নামে পরিচিত হবে। —সুমেল সারাফাত, মংলা