ডিজিটাল মাইন্ড প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
অনলাইন কেনাকাটাবিষয়ক প্রতিষ্ঠান এখনই ডটকমের (www.akhoni.com) উদ্যোগে অনুষ্ঠিত ডিজিটাল মাইন্ড ২০১২ শীর্ষক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগ। গত শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইন মিলনায়তনে আন্তবিশ্ববিদ্যালয় ডিজিটাল মার্কেটিং শীর্ষক এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিজিটাল মার্কেটিং বিষয়ে বিভিন্ন প্রকল্প প্রদর্শন করেন। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্য থেকে বিচারকদের নম্বরের ভিত্তিতে প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতা সম্পর্কে এখনই ডটকমের প্রধান নির্বাহী শামীম আহসান বলেন, ‘আমরা একটি ডিজিটাল আন্দোলনের মধ্য দিয়ে যাচ্ছি। যেখানে তরুণ প্রজন্মের অংশগ্রহণ খুবই জরুরি। ডিজিটাল মার্কেটং বিষয়ে তরুণ প্রজন্মকে উৎসাহী করতে এবং এ বিষয়ে ভবিষ্যতের যোগ্য ও দক্ষ নেতৃত্ব তৈরি করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।’ এখন থেকে প্রতিবছর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ী অংশগ্রহণকারীদের হাতে উপহার, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। চ্যাম্পিয়ন হওয়ায় জাহাঙ্গীরনগর আইবিএ দলকে সুন্দরবন ভ্রমণের বিশেষ প্যাকেজ উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিসিআইয়ের সভাপতি ও আনোয়ার গ্রুপের চেয়্যারমান হোসেন খালেদ, ইউএনডিপির প্রকল্প পরিচালক কে এম মোর্শেদসহ অনেকে। —জিয়াউর রহমান চৌধুরী