
সব্যসাচী মিস্ত্র্রির সঙ্গে কবে কোথায় পরিচয় হয়েছিল এখন আর মনে নেই। তবে সে আমাকে দাদা ডাকে। আমিও তাকে দাদা ডাকি। সে আমার অনেক অনেক জুনিয়র কিন্তু ছবি আঁকাআঁকিতে তার ‘দাদাগিরি’র জন্য তাকে দাদা ডাকতেই হয়। সে কেমন আঁকে বা কেমন শিল্পী সেই আলোচনায় পরে যাই। তবে সে যে খুবই ব্যয়বহুল এক শিল্পী, সেটা আগে বোঝা যাক। আমার মেজো ভাই মুহম্মদ জাফর ইকবাল
কোনো এক প্রকাশককে তার একটা পাণ্ডুলিপি দিয়েছে। প্রকাশক বলল
—স্যার, কাকে দিয়ে আঁকাব?
—সব্যসাচী মিস্ত্রিকে দিয়ে আঁকাও, সে খুব ভালো আঁকে।
প্রকাশক গেল তার কাছে। তার ‘ডিমান্ড’ শুনে প্রকাশকের স্ট্রোক করার অবস্থা। প্রকাশক শুকনো মুখে ভাইয়ার কাছে গেল। ‘স্যার, ও তো অনেক টাকা চায়।’
—দাও। ও যেমন আঁকে তেমনই চাইবে। সে খুবই কড়া শিল্পী।
প্রকাশক বিরস মুখে কাজ করাল তাকে দিয়েই। তবে শেষ পর্যন্ত বইটাও হলো সে রকম চমৎকার। সব্যসাচীর ছবি বলে কথা।
সব্য একবার বইমেলায় আমাকে বলল:
—দাদা, সুতন্বী এমজে ফন্টটা দেশ থেকে উঠিয়ে দেওয়া দরকার।
—কেন? আমি জিজ্ঞেস করি।
—দেখেন, মেলায় প্রতিটা স্টলের নাম এই ফন্টে! কোনো ভেরিয়েশন নেই।
আমিও খেয়াল করলাম, আরে তাই তো। সবই সুতন্বী এমজে ফন্ট, কোনোটা এক্সপান্ড, কোনোটা কনডেন্সড, এর বাইরে কিছু নেই। সব্যর চোখ ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি নেই।
আলাভোলা এই শিল্পী প্রচুর জানে, প্রচুর পড়াশোনা আর তার কাজের ক্ষেত্রও বিরাট। তাকে একবার আমাদের উন্মাদ-এর এক কার্টুন কোর্সে শিক্ষক হিসেবে এনেছিলাম একটা ক্লাস নেওয়ার জন্য। তার সেই ক্লাস থেকে আমি নিজেও অনেক কিছু শিখেছি।
মেধাবী তরুণদের ব্যাপারে বলতে হয়...এবার তার এগিয়ে যাওয়ার পালা...ইত্যাদি ইত্যাদি। কিন্তু সব্যর ব্যাপারে আর এগিয়ে যাওয়ার কোনো দরকার নেই, সে একাই যথেষ্ট এগিয়েছে, অনেককে ছাড়িয়ে এবার যে জায়গাটায় সে আছে, সেখানে দাঁড়িয়ে শুধু কাজই করতে হবে। আর সে যে কাজপাগল তা আমরা তাকে যারা চিনি, সবাই জানি।
এতক্ষণ তার গুণগান গাইলাম, এবার তার কিছু বদনাম করা দরকার। খবর পেয়েছি সে নাকি সিগারেট ছেড়ে দিয়ে রীতিমতো ভদ্রলোক হয়ে গেছে। ভদ্রলোক সব্যসাচী মিস্ত্রির সঙ্গে একবার দেখা হওয়া দরকার খুব শিগগির। তার দীর্ঘ জীবন কামনা করি (তবে বেশি মেধাবীরা আবার বেশি দিন বাঁচে না, এও এক যন্ত্রণা!)