ডিজিটাল মেলা জমে উঠেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে লাইন ধরে মানুষ ঢুকছে, অন্যদিকে হাত বোঝাই পণ্য নিয়ে বেরিয়ে আসছে। তৃতীয় দিন শেষে জমে উঠেছে বিসিএসের ডিজিটাল কম্পিউটার মেলা। পাঁচ দিনের মেলা শেষ হবে আগামী কাল। তাই লোকজনের ভিড় ছিল চোখে পড়ার মতো। বেড়েছে কেনাকাটা। গতকাল সাপ্তাহিক ছুটির দিন থাকায় সকাল থেকেই মেলা ছিল লোকে লোকারণ্য। বৃহস্পতিবারও বেশ ভিড় ছিল মেলায়। শেষ দিকে বিভিন্ন ধরনের পণ্যে আগের চেয়ে আরও বেশি ছাড় পাওয়া যাবে—এ কথা ভেবেই মেলায় ভিড় বেড়েছে বলে মনে করছেন বিক্রেতারা। বিশেষ করে, প্রতিটি দোকানের সামনে তরুণদের উপস্থিতি ছিল লক্ষ করার মতো। মেলায় সব সময়ই উৎসব উৎসব ভাব বিরাজ করেছে। মেলার বিভিন্ন স্থানে বিনা মূল্যে দ্রুতগতির ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবহারের সুযোগ কাজে লাগাচ্ছেন অনেক তরুণ। মেলার শেষ পর্যায়ে এসেও দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল ল্যাপটপের দিকে। আসুস, এইচপি, ডেল, ফুজিৎসু, অ্যাপলসহ নানা ব্র্যান্ডের ল্যাপটপে নগদ অর্থছাড়, পুরস্কারসহ বিক্রয়োত্তর সেবা পাওয়া যাচ্ছে। এবারের মেলায় শৌখিন ল্যাপটপের দিকেই দর্শকদের কিছুটা আগ্রহ বলে জানালেন বিক্রেতারা। মেলায় বিভিন্ন পণ্যের পাশাপাশি পেনড্রাইভের চাহিদাও বেশ। মেলা উপলক্ষে ট্রান্সসেন্ড ব্রান্ডের পেনড্রাইভ ৮ গিগাবাইট পাওয়া যাচ্ছে ৯০০ টাকায় ও ৪ গিগাবাইটের পেনড্রাইভ মিলছে ৫০০ টাকায়। এ ছাড়া অ্যান্টিভাইরাস, সাউন্ডবক্স, বিভিন্ন শৌখিন গান শোনার যন্ত্র ও হেডফোনের দিকে দর্শকের আগ্রহ ছিল বেশি। মেলায় এসে নেটবুক কিনছিলেন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার শাকিল। তিনি বলেন, ‘এখানে-সেখানে গেলে সঙ্গে কম্পিউটারের প্রয়োজন হয়। নেটবুকগুলো ওজনে অনেক হালকা ও সহজে বহন করা যায় বলে এটি কিনছি।’মেলায় লজিটেক ব্র্যান্ডের রিচার্জেবল স্পিকার, তারহীন মাউস ও কি-বোর্ড পাওয়া যাচ্ছে আকর্ষণীয় মূল্যে। ইউনাইটেড সিসনেট লিমিটেড নিয়ে এসেছে সোলার প্যানেলে ব্যবহার করার বিভিন্ন অত্যাধুনিক ব্যাটারি। ক্যাননের বিভিন্ন ডিজিটাল ক্যামেরা পাওয়া যাচ্ছে মেলায়। এ ছাড়া ফুজিফিল্ম, অলিম্পাস, নাইকন ব্র্যান্ডের ক্যামেরাও পাওয়া যাচ্ছে। কিউবির ইন্টারনেট মডেম বিক্রি হচ্ছে এক হাজার টাকায়। মেলার আহ্বায়ক মজিবুর রহমান স্বপন প্রথম আলোকে বলেন, ‘এবারের মেলায় আমাদের প্রত্যাশা অনুযায়ী দর্শকের সমাগম হয়েছে এবং বিক্রিও হচ্ছে বেশ।’ আজ সকালে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার কথা রয়েছে। তাই মেলা কিছুটা দেরিতে শুরু হবে। মেলা রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। —মোছাব্বের হোসেন