ডিজিটাল মেলায় তরুণদের আগ্রহ ছিলবেশি
বিসিএস ডিজিটাল এক্সপো মূলত ছিল তরুণদের জন্য। পাঁচ দিনের এ মেলাকে কেন্দ্র করে যথেষ্ট আগ্রহ ছিল তাদের। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত ডিজিটাল মেলা শেষ হওয়ার পর গত সোমবার ঢাকায় সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা জানান। তাঁরা আরও বলেন, তথ্যপ্রযুক্তিকে গ্রাম পর্যন্ত ছড়াতে চায় বিসিএস। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রশাসন ও সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ‘তথ্যপ্রযুক্তিতে তরুণেরা আরও অনেক দূর এগিয়ে যাবে, কাজের জন্য কারও কাছে যেতে হবে না।’ অনুষ্ঠানে বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার বলেন, তথ্যপ্রযুক্তিকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার কাজ করে যাবে বিসিএস। মেলার আহ্বায়ক মজিবুর রহমান জানান, আগামীতে আরও নতুন ও ভিন্ন আঙ্গিকে মেলার আয়োজন করা হবে। চলতি বছরের মেলায় নানা আয়োজনের পুরস্কারও দেওয়া হয় সমাপনী অনুষ্ঠানে। ভার্চুয়াল প্রকল্পের মধ্যে সেরা হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। তাদের প্রকল্পটি ছিল মানবতার জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি)। দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয়। সেরা স্টল হিসেবে নির্বাচিত হয় ইনডেক্স আইটি লিমিটেড ও সেরা প্যাভিলিয়নের স্বীকৃতি পায় ওয়াইম্যাক্স সেবাদাতা প্রতিষ্ঠান কিউবি। ডিজিটাল মেলার খবর বিশেষভাবে প্রচার করার জন্য এটিএন বাংলাকে স্মারক দেওয়া হয়। সেরা রিপোর্টিংয়ের পুরস্কার পান প্রথম আলোর প্রদায়ক মোছাব্বের হোসেন। অনুষ্ঠানের শেষে ছিল সংগীতশিল্পী ফাহমিদা নবী ও বিউটির সংগীত পরিবেশনা। —নিজস্ব প্রতিবেদক