
সময়টা ডিজিটাল রূপান্তরের। জীবন যাপন, যোগাযোগ, দরকারি সেবা, অর্থনীতি—সবকিছুতে ডিজিটাল প্রযুক্তির নতুন ধারা চলছে। এই ধারার সঙ্গে যারা তাল মেলাতে পারবে তারাই আগামীতে এগিয়ে যাবে। এশিয়া-ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠনগুলোর সংস্থা অ্যাসোসিওর বার্ষিক সম্মেলন ‘অ্যাসোসিও আইসিটি সামিট ২০১৬’-তে এই ডিজিটাল রূপান্তরে জোর দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতারা।
ডিজিটার রূপান্তরের ধারায় সফল হয়ে ভবিষ্যৎ পৃথিবীর প্রযুক্তি খাতে নেতৃত্ব দিতে এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে গতকাল বুধবার মিয়ানমারের ইয়াঙ্গুনে শেষ হলো দুই দিনের আইসিটি সামিট। দুপুরে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বিশেষ বক্তব্য দেন। তিনি ‘ডিজিটাল বাংলাদেশ: রূপান্তরের একটি গল্প’ শিরোনামে উপস্থাপনা তুলে ধরেন। তিনি বলেন, জনসংখ্যার দিক থেকে বিশ্বের অষ্টম দেশ হিসেবে বাংলাদেশ প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলছে। ডিজিটাল হাইটেক পার্কসহ আইসিটি খাতে অবকাঠামোগত উন্নয়নের কথা জানিয়ে বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে আমন্ত্রণ জানান তিনি।
২০১৯ সালে অ্যাসোিসও আইসিটি সামিট ঢাকায় অনুষ্ঠিত হবে। ২০১৭ ও ২০১৮ সালে হবে তাইপে ও টোকিওতে। গতকাল সামিটের নৈশভোজে এই ঘোষণা দেওয়া হয়।
মিয়ানমারে ডিজিটাল বিজ্ঞাপনী নেটওয়ার্ক গড়ে তুলবে বাংলাদেশি প্রতিষ্ঠান
বাংলাদেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান উইন্ডমিল লিমিটেড মিয়ানমারে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার নেটওয়ার্ক গড়ে তুলবে। গতকাল অ্যাসোসিও সামিটের শেষ দিনে ইয়াঙ্গুনভিত্তিক ম্যাঙ্গো গ্রুপের সঙ্গে এ ব্যাপারে চুক্তি করেছে উইন্ডমিল। চুক্তিপত্রে সই করেন উইন্ডমিলের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির রহমান এবং ম্যাঙ্গোর ব্যবস্থাপনা পরিচালক রোজ স্যু। এ সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহমুদ সাইফুর রহমান, উইটসার সভাপতি ইভান চো, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আলী আশফাকসহ অনেকে উপস্থিত ছিলেন। সাব্বির রহমান প্রথম আলোকে জানান, মিয়ানমারের ম্যাঙ্গো গ্রুপকে বিশেষজ্ঞ পরামর্শ, সফটওয়্যার সমাধানসহ বিজ্ঞাপনী নেটওয়ার্ক গড়ে তোলার সব রকম কাজ বাংলাদেশ থেকে করে দেবে উইন্ডমিল।